হাতিয়ায় কলেজে ও শিক্ষকের বাসায় হামলা-ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরীক্ষায় নকল করতে না দেওয়ায় নোয়াখালীর হাতিয়া ডিগ্রি কলেজ কেন্দ্রে এবং এক শিক্ষকের বাসায় হামলা ও ব্যাপক ভাঙচুর চালিয়েছে একদল উচ্ছৃঙ্খল পরীক্ষার্থী। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার চরকিং ইউনিয়নের আফাজিয়া এলাকায় এবং উপজেলা সদরে (ওছখালী) এ হামলার ঘটনা ঘটে।
হামলাকারীরা হাতিয়া দ্বীপ সরকারি কলেজের শিক্ষার্থী। তারা এ সময় কলেজ ক্যাম্পাসে রাখা শিক্ষকদের পাঁচটি মোটরসাইকেল এবং ওছখালীতে হাতিয়া ডিগ্রি কলেজের শিক্ষক কাজী মোহাম্মদ আলীর বাসা ভাঙচুর করে। এ সব ঘটনায় ইটের আঘাতে পরীক্ষাকেন্দ্রে দায়িত্বপালনকারী পুলিশের কনস্টেবল তোফাজ্জল হোসেন, মো. লিটনসহ কমপক্ষে আটজন আহত হন। তাঁদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
কলেজ সূত্র জানায়, গতকাল এইচএসসির ইংরেজি প্রথম পত্রের পরীক্ষা চলাকালে উপজেলার চরকিং ইউনিয়নের আফাজিয়া এলাকার হাতিয়া ডিগ্রি কলেজ কেন্দ্রে হাতিয়া দ্বীপ সরকারি কলেজের শিক্ষার্থীদের নকল করতে না দেওয়ায় পরীক্ষা শেষে তারা উচ্ছৃঙ্খল হয়ে ওঠে। একদল শিক্ষার্থী এ সময় পরীক্ষার হলে ব্যাপক ভাঙচুর শুরু করে। তারা দুটি কক্ষের দরজা, জানালা ও চেয়ার-টেবিল ভাঙচুর করে। একই সময় ওই পরীক্ষার্থীরা কলেজ ক্যাম্পাসে রাখা শিক্ষকদের পাঁচটি মোটরসাইকেল ভাঙচুর করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, এ ঘটনার খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) পঙ্কজ বড়ুয়া অতিরিক্ত পুলিশ নিয়ে পরীক্ষাকেন্দ্রে যাওয়ার আগেই হামলাকারীরা ক্যাম্পাস ত্যাগ করে। পরে বেলা দুইটার দিকে পরীক্ষার্থীরা উপজেলা সদর ওছখালীতে লাঠিসোঁটা নিয়ে মিছিল বের করে। মিছিল নিয়ে তারা হাতিয়া ডিগ্রি কলেজের ইংরেজির শিক্ষক কাজী মোহাম্মদ আলীর বাসায় ব্যাপক হামলা-ভাঙচুর চালায়। এ সময় ওই শিক্ষকের স্ত্রী দৌড়ে পাশের বাসায় গিয়ে আশ্রয় নেন।
হামলাকারী পরীক্ষার্থীদের অভিযোগ, পরীক্ষা চলাকালে হাতিয়া ডিগ্রি কলেজের শিক্ষক কাজী মোহাম্মদ আলীসহ ইংরেজির দুজন শিক্ষক হলে গিয়ে তাঁদের কাছে প্রাইভেট পড়া শিক্ষার্থীদের সহায়তা করেন। এতে অন্য পরীক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে হামলা-ভাঙচুর চালিয়েছে।
জানতে চাইলে হাতিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. শরফুদ্দীন মুঠোফোনে প্রথম আলোকে বলেন, নকল করতে না দেওয়ায় হাতিয়া দ্বীপ সরকারি কলেজের একদল উচ্ছৃঙ্খল পরীক্ষার্থী কলেজে তাণ্ডব চালায়। তারা কলেজের দুটি কক্ষের দরজা-জানালা, চেয়ার-টেবিল, নোটিশ বোর্ড এবং শিক্ষকদের পাঁচটি মোটরসাইকেল ভাঙচুর করে। এ সময় শিক্ষক ও কর্মচারীরা প্রশাসনিক ভবনে গিয়ে আশ্রয় নেন।
ছাত্রদের অভিযোগের বিষয়ে জানতে চাইলে অধ্যক্ষ শরফুদ্দীন বলেন, ইংরেজির শিক্ষকেরা ক্যাম্পাসে এসেছিলেন বিকেল বেলায় ডিগ্রি পরীক্ষার পরিদর্শকের দায়িত্ব পালন করতে। ইংরেজি পরীক্ষা চলাকালে তাঁরা কেউই হলে যাননি।
শিক্ষক মোহাম্মদ আলী অভিযোগ করেন, দুপুরে তাঁর ওছখালীর ভাড়া বাসায় হামলার সময় তিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) ঘটনাটি জানিয়েছেন। কিন্তু ওসি ফোর্স নেই উল্লেখ করে ফোনের সংযোগ কেটে দেন। এ অবস্থায় ছাত্ররা তাঁর বাসায় ব্যাপক ভাঙচুর করে এবং মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।
হাতিয়া থানার ওসি এ টি এম আরিচুল হক বলেন, পরীক্ষার হলে কড়াকড়ি করায় বখাটে ছাত্ররা পরীক্ষা শেষে কলেজে কিছু ইটপাটকেল ছুড়েছে এবং কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করেছে। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে শিক্ষকের বাসায় হামলার কথা তাঁকে কেউ জানায়নি।