হাতিয়ায় ট্রলারে ডাকাতি, দুই জেলে গুলিবিদ্ধ
জেলেদের গুলি ও মারধর করে একটি মাছ ধরার ট্রলার ও মালামাল লুট করে নিয়ে গেছে জলদস্যুরা। গত শুক্রবার রাতে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার দমারচরের পূর্ব দিকে মেঘনা নদীতে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ দুই জেলে হলেন মো. রফিক ও আবদুল মোতালেব।
ট্রলারের মালিক দেলোয়ার হোসেন ওরফে দেলোয়ার মাঝি জানান, শুক্রবার বিকেলে তাঁর ট্রলার নিয়ে ১২ জন জেলে মাছ ধরতে মেঘনায় যান। রাত সাড়ে আটটার দিকে হাতিয়ার দমারচরের পূর্ব দিকে মেঘনায় মাছ ধরার সময় জলদস্যুরা ট্রলারে আক্রমণ করে। তিনি জানান, দস্যুরা জেলেদের নদীতে ফেলে দিয়ে মাছ ধরার জাল ও অন্য মালামালসহ ট্রলারটি নিয়ে যায়। পরে নদীতে থাকা অন্য ট্রলার জেলেদের উদ্ধার করে তীরে পৌঁছে দেয়।
তবে ট্রলারে জলদস্যুদের হামলার বিষয়ে কিছুই জানেন না বলে দাবি করেন হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সামাদ। তিনি জানান, এ বিষয়ে থানায় কেউ অভিযোগ করেনি।