হাতিয়ায় ভোটার তালিকা হালনাগাদকাজে বাধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর হাতিয়া উপজেলার হরনী ইউনিয়নের সেন্টার সমাজ গ্রামে গতকাল শনিবার ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে বাধা দেওয়া হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, হরনী ইউনিয়নের টাংকি এলাকায় ফরেস্ট সেন্টার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গতকাল সকাল ১০টা থেকে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের তথ্য সংগ্রহের পাশাপাশি ছবি তোলার কাজ শুরু হয়।
স্থানীয় সূত্রের ভাষ্যমতে, সকাল সাড়ে ১০টার দিকে পাশের লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার চরগাজি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান তৌহিদুল ইসলামের নেতৃত্বে একদল লোক সেখানে গিয়ে এলাকাটি রামগতির বলে দাবি করে ছবি তোলার কাজে বাধা দেন। এ সময় পুলিশ সদস্যরা তাঁদের হটিয়ে দেন। এর কিছুক্ষণ পর কয়েক শ লোক লাঠিসোঁটা ও অস্ত্রশস্ত্র নিয়ে সেখানে হামলা চালায়। এ সময় ছবি তুলতে আসা লোকজন পালিয়ে আত্মরক্ষা করেন। এ ঘটনায় হামলাকারীদের লাঠিসোঁটার আঘাতে ও আত্মরক্ষার্থে দৌড়ানোর সময় পড়ে গিয়ে কমপক্ষে ১০ জন আহত হন। তাঁদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা বলেন, হামলাকারীরা সাত-আটটি ফাঁকা গুলি করে আতঙ্ক সৃষ্টি করে। একপর্যায়ে তারা ছবি তোলার কাজে নিয়োজিত লোকজন ও পুলিশ সদস্যদের অবরুদ্ধ করে রাখে। হাতিয়ার চেয়ারম্যানঘাট, মোর্শেদ বাজার ও জনতা বাজার ক্যাম্পের পুলিশ ঘটনাস্থলে গিয়েও অবরুদ্ধ ব্যক্তিদের মুক্ত করতে পারেনি। পরে বেলা সাড়ে তিনটার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু হাসনাত মো. মঈন উদ্দিন ও হাতিয়া থানা থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গেলে হামলাকারীরা সরে যায়।
ইউএনও আবু হাসনাত মো. মঈন উদ্দিন প্রথম আলোকে বলেন, হরনী ইউনিয়নের ওই এলাকা নিয়ে রামগতির সঙ্গে বিরোধ দীর্ঘদিনের। ওই এলাকার ভূমি বন্দোবস্তসহ অন্যান্য সব কার্যক্রম হাতিয়া থেকে পরিচালিত হয়। সে হিসেবে হাতিয়ার নির্বাচন কার্যালয়ের লোকজন ছবি তুলতে যান। কিন্তু চরগাজি ইউপি চেয়ারম্যান তৌহিদুল ইসলামের নেতৃত্বে লোকজন এসে হামলা চালিয়ে ছবি তোলা বন্ধ করে দেন। তিনি বলেন, এই পরিস্থিতিতে ছবি তোলার কার্যক্রম স্থগিত রাখা হয়েছে। জেলা নির্বাচন কর্মকর্তা হাতিয়া এসে এ বিষয়ে সিদ্ধান্ত দেবেন।
মুঠোফোন বন্ধ থাকায় এ ব্যাপারে চরগাজি ইউপি চেয়ারম্যান তৌহিদুল ইসলামের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।