হাতিয়ে নেওয়া হলো কোটি কোটি টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনায় সোনালী উন্নয়ন ফাউন্ডেশন নামে একটি বেসরকারি সংস্থার বিরুদ্ধে ক্ষুদ্রঋণের আড়ালে গ্রাহকদের কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। বরগুনাসহ দেশের বিভিন্ন স্থানে শাখা খুলে সংস্থাটি আমানতের কথা বলে এসব টাকা নেয়। এ ঘটনায় গত ৩ মার্চ সংস্থাটির ক্ষুদ্রঋণ সনদ এক বছরের জন্য স্থগিত করেছে ক্ষুদ্র ঋণ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (এমআরএ)।
ভুক্তভোগীদের অভিযোগ, এক বছর ধরে সংস্থাটি আমানতকারীদের টাকা ফেরত দিচ্ছে না। বর্তমানে বরগুনা ও পাথরঘাটার অনেক শাখা কার্যালয় গুটিয়ে নেওয়া হয়েছে।
সংস্থাটির স্থানীয় কর্মকর্তারা জানান, বরগুনা সদর আঞ্চলিক কার্যালয়ের অধীনে ছয়টি শাখায় প্রায় দুই কোটি টাকা এবং পাথরঘাটা আঞ্চলিক শাখার অধীনে ১২টি শাখায় প্রায় ১০ কোটি টাকার আমানত সংগ্রহ করা হয়েছে। ঢাকা, খুলনা, রংপুর, সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর, বরগুনা, ভোলা, পটুয়াখালী, বরিশাল ও বগুড়া জেলায় ৬৯টি শাখায় এই কার্যক্রম চলছে। এসব শাখার আওতায় তাদের ৬৫ হাজার ৫০০ জন সদস্য রয়েছে। সংস্থাটির প্রধান কার্যালয় ঢাকার শেরে বাংলানগরে। ১৯৯৯ সালের ১৪ মে সংস্থাটি প্রতিষ্ঠার পর ২০০৯ সালের ২৩ ফেব্রুয়ারি ক্ষুদ্রঋণ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের নিবন্ধন পায়।
এমআরও সূত্র জানায়, সংস্থাটি ক্ষুদ্র ঋণ প্রকল্পের আড়ালে অবৈধভাবে আমানত সংগ্রহ করছে এমন অভিযোগের ভিত্তিতে ক্ষুদ্র ঋণ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের একটি তদন্ত দল ২০১২ সালের ১৩ থেকে ১৫ জুন বরগুনা, পটুয়াখালী ও ১৮ জুন প্রতিষ্ঠানটির রাজধানীর প্রধান কার্যালয় পরিদর্শন করে। পরে তদন্ত দলের প্রধান এমআরএর জ্যেষ্ঠ সহকারী পরিচালক মোহাম্মদ আলী প্রতিবেদনে উল্লেখ করেন, সারা দেশে ১০৪টি শাখা খুলে কর্মীদের মাধ্যমে শত শত কোটি টাকা আমানত সংগ্রহ করে সংস্থাটি, যার কোনো ব্যাংক হিসাব নেই। শুধু মাসিক একটি টপ শিটের মাধ্যমে টাকা নেওয়ার স্বাক্ষর করে এসব আমানত তুলে নেয়। প্রতিবেদনে সংস্থাটির সনদ বাতিল করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়।
সংস্থাটির বরগুনা আঞ্চলিক কার্যালয়ের কর্মকর্তারা জানান, পাঁচ ও ১০ মেয়াদি ডিপিএস প্রকল্পে আমানতকারীরা সাপ্তাহিক ২৫ থেকে সর্বোচ্চ ২৫০ টাকার কিস্তি দেন। এ ছাড়া স্থায়ী আমানত প্রকল্পে সাত বছরে দ্বিগুণ অর্থ দেওয়ার শর্তে গ্রাহকদের টাকা নেওয়া হচ্ছে।
এ ছাড়া বরগুনা আঞ্চলিক কার্যালয়ের আওতায় বরগুনা সদরের পরীরখাল, গৌরিচন্না, চান্দখালী, মনসাতলী এবং তালতলী উপজেলা সদর ও কড়ইবাড়িয়া এলাকায় ছয়টি শাখা রয়েছে। পাথরঘাটায় আঞ্চলিক কার্যালয়ের অধীনে ১২টি শাখা কার্যক্রম চালাচ্ছে। সংস্থাটির কয়েকজন কর্মকর্তা বলেন, ১৮টি শাখার অধীনে প্রায় ১২ হাজার সদস্য আছেন। তাঁদের বেশির ভাগেরই প্রকল্পে আমানত রয়েছে।
সংস্থার বরগুনা আঞ্চলিক কার্যালয়ের হিসাবরক্ষক ও প্রকল্প কর্মকর্তা এ বি এম নাদিরুজ্জামান বলেন, ‘বরগুনা আঞ্চলিক কার্যালয়ের অধীনে ছয়টি শাখায় সোয়া কোটি টাকার আমানত রয়েছে। এখন সংস্থার দুর্দিন যাচ্ছে, আমরা আট-নয় মাস ধরে বেতন পাই না। তাই অফিসে তেমন বসি না। আমানতের অর্থ দিয়ে সংস্থার নির্বাহী পরিচালক ও তাঁর স্ত্রীর নামে দেশের বিভিন্ন স্থানে জমি কেনা আছে।’
পাথরঘাটা সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য জি এস শাহীন মোল্লা বলেন, বাদুরতলা, চরলাঠিমারা ও হাতেমপুর গ্রামের ৩১৭ জন গ্রাহক তাঁদের পাসবই নিয়ে কয়েক দিন আগে অভিযোগ জানাতে পরিষদে এসেছিলেন।
সংস্থার পাথরঘাটা কার্যালয়ের কর্মকর্তা ছগির হোসেন বলেন, মেয়াদ পূর্ণ করা সঞ্চয়ের টাকা ও মেয়াদের আগে উত্তোলনে ইচ্ছুক গ্রাহকদের তালিকা করে টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা নেওয়া হচ্ছে। এর পরিমাণ প্রায় সাত কোটি টাকা।
বরগুনা সদরের গৌরিচন্না ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মিলন বিশ্বাস জানান, কয়েক দিন আগে মনসাতলী শাখার ৩৬ জন আমানতকারী তাঁর কাছে একটি তালিকা দিয়েছেন। তাঁদের ৪ লাখ ৫০ হাজার টাকা আমানত আছে।
সংস্থাটির নির্বাহী প্রধান শামসউদ্দীন আজাদের মুঠোফোনে কল দিলেও তিনি ধরেননি।
এমআরএর পরিচালক মো. সাজ্জাদ হোসেন প্রথম আলোকে বলেন, সংস্থাটির প্রধানের কাছে এ ধরনের কার্যক্রমের ব্যাখ্যা চাওয়া হয়েছে ও তাদের সনদ সাময়িক স্থগিত করা হয়েছে। যদি গ্রাহকেরা অর্থ ফেরত না পান তবে সংস্থাটির বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।