হাতির চাঁদাবাজি!

রাস্তায় চলছে বিভিন্ন যানবাহন। আর এই যানবাহনগুলোকে থামিয়ে দিচ্ছে হাতি। যানবাহন থামিয়ে চালক কিংবা যাত্রীর কাছে শুঁড় বাড়িয়ে দিচ্ছে একটি হাতি। যাত্রী বা চালক টাকা দিচ্ছেন। টাকা নেওয়ার পর অন্য যানবাহনের দিকে এগিয়ে যাচ্ছে হাতিটি। টাকা না দিলে সহজে ছাড়ছে না কাউকেই। হাতির এমন চাঁদাবাজির দৃশ্য দেখা গেল আজ রোববার সকালে মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরের হবিগঞ্জ রোডে।
দেখা গেল, শহরের হবিগঞ্জ রোডে দুটি বিশাল আকৃতির হাতি। হাতির ওপর বসে আছেন মাহুত। হাতি দাঁড় করিয়ে দোকান বা গাড়ি থেকে ১০ থেকে ২০ টাকা করে আদায় করছেন মাহুতেরা। শুধু যানবাহন থামিয়ে নয়। শহরের বিভিন্ন দোকানের সামনেও এই দৃশ্য চোখে পড়ে অনেকের। দোকানের সামনে বিশাল আকারের হাতিগুলো দোকানের মালিকদের সামনে শুঁড় বাড়িয়ে দিচ্ছে। দোকানদারেরা অনেকেই ভয়ে টাকা বের করে দিচ্ছেন।
অভিনব এই চাঁদাবাজির কারণে অতিষ্ঠ হয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে। তাঁদের অভিযোগ, এই দৃশ্য প্রায়ই দেখা যাচ্ছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে।
শ্রীমঙ্গল শহরের তোফায়েল পাপ্পু নামের একজন প্রথম আলোকে জানান, কিছুদিন আগে শ্রীমঙ্গলের হবিগঞ্জ সড়কে একটি হাতি তাঁদের গাড়ি আটকায়। হাতির ওপর একজন মাহুত বসা ছিলেন। হাতি দেখে ভয় পেয়েই সঙ্গে সঙ্গে ১০ টাকা বের করে দিয়েছেন। তিনি জানান, হাতিকে অনেকেই ১০ টাকার কম দিতে চাইলে হাতি নিচ্ছিল না। হাতির মাহুতেরা এমনভাবেই হাতিদের চাঁদাবাজির প্রশিক্ষণ দিয়ে রেখেছেন বলে তাঁর ধারণা।
শ্রীমঙ্গলের মাইক্রোবাসের চালক মিল্লাদ হোসেন বলেন, প্রায়ই এই হাতি দিয়ে চাঁদাবাজি চলছে। তিনি বলেন, রোববার সকালে যখন শ্রীমঙ্গল থেকে হবিগঞ্জ যাচ্ছি তখন হঠাৎ করে ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের উত্তরসুর এলাকায় একটি হাতি গাড়ি থামায়। পরে টাকা দিলে হাতি গাড়ি ছেড়ে দেয়। হাতি শুঁড় দিয়ে এমনভাবে মানুষ ও যানবাহন আটক করছে যে ইচ্ছার বিরুদ্ধে টাকা দিতে বাধ্য হচ্ছেন।
এদিকে হাতি দিয়ে চাঁদাবাজি থেকে নিস্তার নেই পথচারীদেরও। আবার হাতির কারণে সৃষ্টি হচ্ছে যানজটের।
হাতি দিয়ে চাঁদাবাজির এমন দৃশ্য দেখে ক্ষোভ প্রকাশ করে করিম মিয়া নামের একজন পথচারী বলেন, প্রায়ই বিভিন্ন জায়গায় এমন চিত্র দেখছি। এটা তো এক ধরনের চাঁদাবাজি। এটা কি দেখার কেউ নেই? গাড়ি আটকে টাকা নিচ্ছে এরা, তা ছাড়া একধরনের নৈরাজ্য চালাচ্ছে। কেউ তাদের কিছু বলতে পারছে না।
এ ব্যাপারে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোবাশ্বেরুল ইসলাম বলেন, ‘হাতির মাহুতদের এর আগে একবার সতর্ক করা হয়েছিল এ ধরনের কাজ না করার জন্য। আমরা এই বিষয়টি গুরুত্ব সহকারে দেখব। যদি এখন আবার তারা এ ধরনের চাঁদাবাজি করে, তাহলে মাহুতসহ হাতি আটক করে থানায় সোপর্দ করা হবে।’