হাতিরঝিল থেকে আহত পুলিশ কনস্টেবল উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাতিরঝিল এলাকা থেকে পুলিশের এক কনস্টেবলকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, তিনি ছিনতাইয়ের শিকার হয়েছেন। গতকাল রোববার ভোরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

ওই কনস্টেবলের নাম আবদুল কাইয়ুম সরকার (৩২)। তাঁর গ্রামের বাড়ি গাজীপুরের কালিয়াকৈরের ফুলবাড়িয়ায়। গুলশান ২ নম্বরে সেঞ্চুরি জোনে তিনি কর্মরত। 

রমনা থানার উপপরিদর্শক (এসআই) আনিছুর রহমান প্রথম আলোকে বলেন, গত শনিবার রাতে তিনি হাতিরঝিলে টহল ডিউটিতে ছিলেন। দিবাগত সাড়ে তিনটার দিকে একজন তাঁদের খবর দেন যে এক পুলিশ সদস্য আহত হয়ে পাগলা মাজার ও রেড ক্রিসেন্ট সোসাইটির মাঝামাঝি স্থানে রাস্তায় পড়ে আছেন। খবর পেয়ে তাঁকে উদ্ধার করে প্রথমে রাজারবাগ পুলিশ হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তিনি বলেন, ধারণা করা হচ্ছে, আবদুল কাইয়ুম ছিনতাইকারীদের কবলে পড়েছেন। তাঁর মাথায়, বাঁ পায়ে, হাতে এবং শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে। 

সেঞ্চুরি জোনের পরিদর্শক আবদুল আজিজ জানান, আবদুল কাইয়ুম গত ২২ আগস্ট থেকে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। তিনি ছিনতাইকারীর কবলে পড়েছিলেন, নাকি অন্য কোনোভাবে আহত হয়েছেন, তা খতিয়ে দেখা হচ্ছে।

গতকাল রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জারি বিভাগে গিয়ে কাইয়ুমের পাশে তাঁর বাবা আইয়ুব আলীকে পাওয়া যায়। তিনি জানান, কাইয়ুমের জ্ঞান ফিরেছে। তবে এলোমেলো কথাবার্তা বলছেন। তাঁর মোটরসাইকেল, টাকাপয়সা, মোবাইল ফোন—কিছুই পাওয়া যায়নি বলেও জানান তিনি।