হাতিরঝিল থেকে এটিএন নিউজের কর্মীর লাশ উদ্ধার
রাজধানীর হাতিরঝিল থেকে তৌহিদ হাসান (৩৫) নামে এক যুবকের লাশ পাওয়া গেছে। তিনি বেসরকারি টেলিভিশন এটিএন নিউজের অভ্যর্থনা বিভাগের কর্মচারী ছিলেন।
হাসানের পরিবার ও পুলিশের দাবি, গতকাল মঙ্গলবার হাতিরঝিল সেতু থেকে জলাশয়ে ঝাঁপ দিয়ে তিনি আত্মহত্যা করেন।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের কর্মকর্তা ভজন চন্দ্র সরকার প্রথম আলোকে বলেন, প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে খবর পেয়ে বিকেলে ঝিলের পানির নিচ থেকে হাসানের লাশ তুলে আনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
ফায়ার সার্ভিসের ডুবুরি ইউসুফ আলী বলেন, বেলা সাড়ে তিনটার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা হাতিরঝিল থেকে তাওহিদুল ইসলামের অচেতন দেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বলেন, গতকাল বেলা আড়াইটার দিকে সেতুর ওপর থেকে হাতিরঝিলে লাফিয়ে পড়েন এক যুবক। তা দেখে লোকজন ফায়ার সার্ভিসকে খবর দেন। বিকেল চারটার দিকে ডুবুরিরা লাশ উদ্ধার করেন। লাশ উদ্ধারের পর তাঁর পরিচয় জানা যায়।
এটিএন নিউজের হাসানের সহকর্মীরা বলেন, তাঁর বাড়ি মুন্সিগঞ্জে। ঢাকার মগবাজার দিলু রোডে থাকতেন তিনি। তিন বছর ধরে তিনি এটিএন নিউজে কাজ করছিলেন।
এক সপ্তাহ ছুটিতে ছিলেন হাসান। তাঁর মা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। হাসানের ছেলেও এখন অসুস্থতার করণে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি।
হাসান আত্মহত্যা করেছেন জানিয়ে তাঁর বড় ভাই তৌফিক হাসান বলেন, তাঁর ভাইয়ের সঙ্গে কারও কোনো বিরোধ ছিল না। তাই আত্মহত্যার কারণও বোঝা যাচ্ছে না।