হাতিরঝিলে 'অবৈধ' পারাপার
রামপুরা সেতুর সামনে হাতিরঝিলের রাস্তায় বেশ কয়েকটি মাইক্রোবাস দাঁড়িয়ে। একটির সামনে দাঁড়ানো যুবক হাঁকছে, ‘কারওয়ান বাজার ২০ টাকা....মহানগর ১০ টাকা...।’ মিনিট দশেকের মধ্যে গাড়িটির সব কটি আসন ভরে গেল। ছুট দিল মাইক্রোবাসটি। ফাঁকা স্থানে এসে দাঁড়াল আরেকটি মাইক্রোবাস।
যাত্রী বেশে একটি গাড়ির ভেতরে উঁকি দিয়ে দেখা গেল, ভেতরের আসন ভাঙা। সামনে বাঁ দিকের একটি দরজা রশি দিয়ে বাঁধা। তার ভেতরেই গাদাগাদি করে মানুষ যাচ্ছে রামপুরা থেকে কারওয়ান বাজারে। ফিরতি গাড়িগুলো একইভাবে কারওয়ান বাজার থেকে লোক তুলে আনছে রামপুরা বা গুলশানে। দূরত্ব বুঝে ভাড়া ১০ ও ২০ টাকা।
হাতিরঝিলের রাস্তায় এভাবে ভাড়ায় যানবাহন চালানোর অনুমতি নেই। কিন্তু তারপরও এসব মাইক্রোবাস চলছে। ঝিলের রাস্তায় পুলিশের চেকপোস্ট আছে, কিন্তু অজানা কারণে তারা কিছু বলে না। আপাতদৃষ্টিতে এসব যানবাহন মানুষের উপকারে লাগলেও খোঁজ নিয়ে জানা গেল, একটি সংঘবদ্ধ সিন্ডিকেট এসব যানবাহন রাস্তায় নামিয়েছে। রামপুরা সেতুর কাছ থেকে কারওয়ান বাজার ও গুলশান শ্যুটিং ক্লাব পর্যন্ত তাদের আছে ৫৫টি মাইক্রোবাস। পুলিশের সঙ্গে যোগসাজশ করেই তারা এসব গাড়ি চালাচ্ছে বলে অভিযোগ।
জানতে চাইলে হাতিরঝিল প্রকল্পের পরিচালক মেজর কাজী শাকিল হোসেন প্রথম আলোকে বলেন, ‘হাতিরঝিলে এভাবে গাড়ি চালানো পুরোপুরি অবৈধ। আমরা অসংখ্যবার পুলিশকে বলেছি কিন্তু তারা কোনো ব্যবস্থা নেয়নি। এখন আমরা চাইলে পাঁচ মিনিটের মধ্যে এটা বন্ধ করে দিতে পারি। কিন্তু জনগণের অসুবিধার কথা ভেবে করছি না। ঈদের পর একটি বেসরকারি কোম্পানি অনুমোদন নিয়ে ছয়টি বাস নামাবে। তখন এসব বন্ধ হয়ে যাবে।’
কারা এসব মাইক্রোবাস নামিয়েছে, জানতে চাইলে এক মাইক্রোবাসের চালক প্রথম আলোকে বলেন, এক বছর ধরে এ ব্যবস্থা চলছে। প্রথমে কারওয়ান বাজারের কিছু চালক এটা শুরু করেছিলেন। ধীরে ধীরে গাড়ির সংখ্যা বেড়ে যায়। এখন সবকিছু ‘লাইনম্যান’ ঠিক করেন। তিনি জানান, রামপুরার বাসিন্দা মোহাম্মদ মাসুদ এই ব্যবসার নিয়ন্ত্রক। তবে মাসুদের বিস্তারিত পরিচয় কেউ বলতে পারেননি।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন চালক প্রথম আলোকে বলেন, এই পথে চলার বিনিময়ে প্রতিটি মাইক্রোবাসকে প্রতিদিন ১ হাজার ২০০ টাকা করে দিতে হয়। মাসুদের লোকজন এসব টাকা নেন। এই হিসাবে মাসে তাঁরা আদায় করেন প্রায় ২০ লাখ টাকা। এই চাঁদার টাকার ভাগ নেন গাড়ি নিয়ন্ত্রণকারী লাইনম্যান, হাতিরঝিলের নিরাপত্তারক্ষী থেকে শুরু করে আশপাশের থানার পুলিশ সদস্যরা।
তবে বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল এসব অভিযোগ অস্বীকার করেছেন। প্রথম আলোকে তিনি বলেন, হাতিরঝিলে আগে অনেক গাড়ি আটক করা হয়েছিল। পরে চালকেরা মুচলেকা দিয়ে ছাড়িয়ে নিয়ে যান। কোনো নির্দিষ্ট পুলিশের ব্যাপারে যদি কোনো অভিযোগ থাকে, তাঁর নাম দিলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।