হাতিরঝিলে 'বন্দুকযুদ্ধে নিহত' যুবকের পরিচয় নিয়ে লুকোচুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রেপ্তারের পর এক যুবক গত সোমবার ভোররাতে হাতিরঝিলে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন। তাঁর নাম আল আমীন ইসলাম ওরফে মানিক ওরফে রবিন (৩০)।
পুলিশের দাবি, নিহত আল আমীন ডাকাত দলের সর্দার। তাঁর বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় খুন, ডাকাতিসহ ২০টি মামলা রয়েছে।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার পুলিশ বলেছে, গত রোববার রাতে পুলিশ তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা থেকে ডাকাতসর্দার আল আমীনকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আল আমীন জানিয়েছিলেন, ডাকাতির উদ্দেশ্যে তাঁদের দলের আরও কয়েকজন মহানগর ব্রিজের উত্তর-পূর্ব কোণে একত্র হবেন। এমন তথ্যের ভিত্তিতে সোমবার ভোররাত পৌনে চারটার দিকে আল আমীনকে সঙ্গে নিয়ে পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। এ সময় সেখানে উপস্থিত আল আমীনের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকেন। এ সময় পুলিশও পাল্টা গুলি চালায়। দুপক্ষের মধ্যে ‘বন্দুকযুদ্ধ’ হয়। এর একপর্যায়ে আল আমীন পালাতে গিয়ে গোলাগুলির মাঝে পড়ে গুলিবিদ্ধ হন। এ ঘটনায় তেজগাঁও শিল্পাঞ্চল থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুজ্জামান সামান্য আহত হন। তবে আল আমীনের সহযোগীরা পালিয়ে যান। ভোর সাড়ে পাঁচটার দিকে আহত আল আমীনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশ পরিদর্শক রাশেদুজ্জামান বলেন, ঘটনাস্থল থেকে একটি রিভলবার, তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। আল আমীন ডাকাত দলের সর্দার। গত আগস্টে তিনি চালভর্তি ট্রাক ডাকাতি করেছিলেন। এ ঘটনার ছবি সিসি ক্যামেরায় ধরা পড়ে। তাঁর গ্রামের বাড়ি নরসিংদীর রায়পুরা থানার কাতারকান্দি এলাকায়।
তবে ঘটনার পর কয়েক ঘণ্টা ধরে আল আমীনের পরিচয় ও মৃত্যুর কারণ নিয়ে ‘লুকোচুরি’ করে পুলিশ। হাতিরঝিলে ‘অজ্ঞাতপরিচয়’ ওই ব্যক্তির লাশ পাওয়া যায় বলে প্রথমে জানানো হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নথিতে লেখা হয়, সড়ক দুর্ঘটনায় আল আমীনের মৃত্যু হয়েছে। একপর্যায়ে তা কেটে গুলির কথা লেখা হয়। তখন দায়িত্বশীল কর্মকর্তারা কেউ এ নিয়ে মুখ খুলতেও রাজি হননি। অবশ্য পরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ শাখার কর্মকর্তারা বিষয়টি খোলাসা করেন।
গতকাল বৃহস্পতিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট রবীন্দ্র চাকমার উপস্থিতিতে তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপপরিদর্শক (এসআই) মাজেদুল হক আল আমীনের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। এতে বলা হয়, নিহত আল আমীনের নাম আল আমীন ওরফে মানিক ওরফে রবিন ওরফে আকাশ ওরফে মজনু ওরফে পাঠা মজিদ। তাঁর বাসা রামপুরার মৌলভির টেক এলাকায়। তাঁর বুকে দুটি, পিঠের ডান পাশে দুটি এবং বাম পাশে দুটি ছিদ্র রয়েছে।