হাতিরপুল ও মতিঝিলে ছুরি মেরে ছিনতাই
রাজধানীর হাতিরপুল ও মতিঝিল এলাকায় আজ শনিবার আলাদা দুটি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। হাতিরপুলে আবদুল হান্নান এবং মতিঝিলে মনির হোসেন নামের দুই ব্যক্তিকে ছুরি মেরে মোট আড়াই লাখ টাকা ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা।
গুরুতর আহত দুজনকেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালে চিকিত্সাধীন আবদুল হান্নান প্রথম আলোকে জানান, আজ দুপুরে তিনি মোবাইল কার্ড বিক্রির টাকা সংগ্রহ করে হাতিরপুল থেকে হেঁটে গুলশানের শাহজাদপুর এলাকার দিকে যাচ্ছিলেন। বেলা আড়াইটার দিকে হাতিরপুল এলাকায় চারজন ছিনতাইকারী তাঁর পথ রোধ করে। তাঁর কাছে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়। তিনি বাধা দিলে ছিনতাইকারীরা তাঁর হাতে ও বুকে ছুরিকাঘাত করে দুই লাখ টাকা ভর্তি ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
এদিকে, দুপুর সাড়ে ১২টার দিকে পানি ব্যবসায়ী মনির হোসেন পানির জার বিক্রির টাকা সংগ্রহ করে মতিঝিল এলাকা থেকে হেঁটে খিলগাঁওয়ে নিজ বাসায় ফিরছিলেন। মতিঝিল আইডিয়াল স্কুলের পাশের গলিতে পৌঁছানোর পর চার ছিনতাইকারী তাঁর পথ রোধ করে। তাঁর বুকে ও প্যান্টের পকেটে তল্লাশির চেষ্টা চালালে তিনি বাধা দেওয়ার চেষ্টা করেন। ছিনতাইকারীরা ক্ষিপ্ত হয়ে তাঁর দুই হাতে ছুরি মেরে প্যান্টের পকেট থেকে ৫০ হাজার টাকা নিয়ে যায়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের দায়িত্বে থাকা পরিদর্শক (ইন্সপেক্টর) মোজাম্মেল হক প্রথম আলোকে জানান, দুটি ছিনতাইয়ের ঘটনা মতিঝিল ও তেজগাঁও শিল্পাঞ্চল থানাকে জানানো হয়েছে।