হাতিরপুলে দুই ছাত্রকে ছুরিকাঘাত দুজন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাতিরপুলে মোতালিব প্লাজার সামনে দুই ছাত্রকে কুপিয়ে আহত করার ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। আটক দুজন হলেন মো. রাকীব (১৮) ও মো. সাইদুল (১৯)।

পুলিশ জানিয়েছে, আটক দুজনসহ ১৫-২০ জন সংঘবদ্ধ হয়ে গত মঙ্গলবার রাতে দুই ছাত্রকে ছুরিকাঘাত ও মারধর করেন।
এতে ইমন হোসেন (১৪) ও মো. মুন্না (১৪) নামে দুই ছাত্র মারাত্মক আহত হয়।

আহত দুজনই ধানমন্ডি উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র। আশঙ্কাজনক অবস্থায় রাতেই তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল তাদের অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলে চিকিৎসক জানিয়েছেন।

আবদুল্লাহ আল ইমরান নামে ঘটনার এক প্রত্যক্ষদর্শী বলেন, রাত সাড়ে আটটার দিকে আহত দুজন মোতালিব প্লাজার সামনে বসে ছিলেন। হঠাৎ ১৫-২০ জন কিশোর ও যুবক ওই দুই ছাত্রকে মারধর ও ছুরিকাঘাত করে। আশপাশের লোকজন এগিয়ে এলে তারা ছুরিটি রাস্তায় ফেলে পালিয়ে যায়।

ঘটনার সূত্রপাত সম্পর্কে জানতে চাইলে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, আহত দুজনের বাসা কলাবাগান এলাকায়।

গত সোমবার ওই দুজনের বাসার পাশের একটি বাসায় হামলায় অংশ নেওয়া চারজন একটি দাওয়াতে যায়। দাওয়াত খেয়ে আসার সময় ইমন ও মুন্নার সঙ্গে তাদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ইমন-মুন্না ও তাদের কয়েকজন বন্ধু মিলে দাওয়াত খেতে আসা চারজনকে মারধর করে। এই মারধরের শোধ নিতেই মঙ্গলবার রাতে ইমন ও মুন্নাকে মারধর করা হয়।

ছুরিকাঘাতে জড়িত থাকার অভিযোগে মঙ্গলবার রাতে রাকীব ও গতকাল সন্ধ্যায় সাইদুলকে আটক করা হয়েছে বলে ওসি জানিয়েছেন। তিনি বলেন, এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন আছে।