হাতিরপুলে ফুটপাত দখল করে কাঁচাবাজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাতিরপুল কাঁচাবাজারের পূর্ব দিকে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের সামনের সড়কে ফুটপাতে সবজি নিয়ে বসেছেন বিক্রেতারা। এ দৃশ্য প্রতিদিনের l ছবি: প্রথম আলো
হাতিরপুল কাঁচাবাজারের পূর্ব দিকে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের সামনের সড়কে ফুটপাতে সবজি নিয়ে বসেছেন বিক্রেতারা। এ দৃশ্য প্রতিদিনের l ছবি: প্রথম আলো

সাড়ে তিন ফুটের ফুটপাত। তার ওপর সারি দিয়ে সাজানো ঝুড়িভর্তি সবজি। ক্রেতা-বিক্রেতার হাঁকডাক চলছে। জমজমাট বাজার। হাঁটাচলার জায়গা নেই। রাস্তায় নেমে যানবাহনের মধ্য দিয়ে যাতায়াত করাটাই নিয়ম।
হাতিরপুল কাঁচাবাজারের পূর্ব দিকে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) সামনের সড়কের চিত্রটি এমনই। হাতিরপুল মোড় থেকে শুরু করে ডিপিডিসির ফটক পর্যন্ত ছড়িয়ে আছে এ বাজার। এখানে আছে প্রায় ২০টি ছোট-বড় দোকান। বিক্রি হচ্ছে নানা রকম সবজি ও ফল। মাঝেমধ্যে মাছও বিক্রি হয়।
কারওয়ান বাজার থেকে সবজি এনে এ বাজারে বিক্রি করেন খুচরা বিক্রেতারা। তাঁদের কয়েকজন বলেন, বাজারের বয়স তিন-চার বছর। এখানে দোকান বসানোর জন্য নির্দিষ্ট পরিমাণ টাকা দিতে হয়। ৭ থেকে ১০টি ঝুড়ি (বড় দোকান) নিয়ে বসলে দৈনিক ৫০০ টাকা, তিন থেকে পাঁচ ঝুড়ি (ছোট দোকান) বসালে দৈনিক ২৫০ টাকা লাগে। এভাবেই ঝুড়ির হিসেবে ১০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত দিতে হয় দোকান বসাতে।
কারা টাকা নিচ্ছেন জানতে চাইলে সবজি বিক্রেতা মো. সোহাগ প্রথম আলোকে বলেন, স্থানীয় প্রভাবশালী নেতা-কর্মীরা টাকা নেন।
গতকাল সেখানে গিয়ে দেখা যায়, ডিপিডিসির সামনের সড়কটি বেশ ব্যস্ত। হাতিরপুল ট্রাফিক সংকেত মোড় থেকে চারদিকে যাওয়া সড়কে রিকশাভ্যান ও ব্যক্তিগত যানবাহন চলাচল করছে। আসন্ন ঈদের কারণে যানবাহনের চাপও বেশি। ফুটপাত সবজি বিক্রেতাদের দখলে থাকায় সব বয়সী লোকই সড়ক দিয়ে যাতায়াত করছেন। কেউ কেউ ফুটপাতে উঠলেও দোকানের ভিড় দেখে নিচে নেমে যাচ্ছেন।
পথচারী নাসিমা আক্তার বলেন, ‘পাশেই হাতিরপুল কাঁচাবাজার, কী নেই সেখানে! তারপরও ফুটপাতে বসে সবজি বেচতে হবে কেন? হাঁটাচলার জন্য ছোট এই ফুটপাতটাও ছেড়ে দেওয়া যায় না?’
ব্যবসায়ীরা বলেন, বাজারটি আগে এত বড় ছিল না। ছয়-সাত মাস হয় এ বাজারে দোকানের সংখ্যা বেড়েছে। মোতালিব প্লাজার দক্ষিণ-পূর্ব দিকে ডিপিডিসির সামনের এই সড়ক হাতিরপুল মোড় ও পরীবাগ সড়কের মধ্যে সংযোগ স্থাপন করেছে। এ পথ দিয়ে সহজেই শাহবাগে যাওয়া যায়। বাজার সকাল ৮টায় শুরু হয়ে শেষ হয় রাত ১০টায়।
নাম প্রকাশে অনিচ্ছুক ডিপিডিসির নিরাপত্তারক্ষী বলেন, ‘ফুটপাতে দোকান থাকলে সমস্যা তো হইবোই।’
সড়কটি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত। বিষয়টি জানালে ওয়ার্ড কমিশনার এম এ হামিদ খান প্রথম আলোকে বলেন, ‘হাতিরপুলের পশ্চিম পাশে ১৬ নম্বর ওয়ার্ড। ওই ওয়ার্ডের লোকজনই চাঁদা নেয়। এ বিষয়ে তাদের সঙ্গে অনেকবার কথা হয়েছে। আমি বলেছি, রাস্তা পরিষ্কার থাকবে, কোথাও কোনো দোকানপাট থাকবে না। এখানে বড় একটা কাঁচাবাজার আছে, আর কোনো বাজারের দরকার নেই। আমি ওদেরকে তুলে দেব।’