হাতিয়া থেকে তিন জলদস্যু গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর হাতিয়ায় পুলিশ কর্মকর্তাকে অপহরণের ঘটনায় জলদস্যু খোকন বাহিনীর তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা তিনজন ভাই। গত সোমবার দিবাগত রাত দুইটার দিকে সুবর্ণচর উপজেলার জিয়ারচরের ভূঁইয়ারহাট এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী পুলিশ সুপার মো. জসিম উদ্দিন চৌধুরী।
পুলিশ জানায়, গ্রেপ্তার জলদস্যুরা হলেন মো. জমির ওরফে জমির ডাকাত (৪৫), তাঁর দুই ভাই মো. ফখরুদ্দীন ওরফে ফখরুল (৩৫) ও মো. আজিম (৩০)। তিনজনের বিরুদ্ধে হত্যা, পুলিশ অপহরণ, ডাকাতি ও চাঁদাবাজির বেশ কয়েকটি মামলা রয়েছে।
পুলিশ সূত্র জানায়, গত ২ মে তমরুদ্দী পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) জসিম উদ্দিন বন বিভাগের একটি মামলার তদন্তে হাতিয়ার দুর্গম ঘাসিয়ারচরে যান। এ সময় খোকন বাহিনীর সদস্যরা এসআই জসিম উদ্দিন ও তাঁর সঙ্গে থাকা পুলিশ সদস্যদের অপহরণ করে। পরে জেলা পুলিশের হস্তক্ষেপে তিন ঘণ্টা পর তাঁরা ছাড়া পান। ওই ঘটনায় থানায় অপহরণ মামলা করা হয়।
সহকারী পুলিশ সুপার (এএসপি-হেডকোয়ার্টার) মো. জসিম উদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার তিনজন হাতিয়ার দুর্গম ঘাসিয়ারচরের জলদস্যু খোকন বাহিনীর সদস্য।