হাতিয়ার অপহৃত দুই জেলে খুন, ১৪ জন উদ্ধার
নোয়াখালীর হাতিয়ার নিঝুম দ্বীপের দক্ষিণে বঙ্গোপসাগর থেকে গত সোমবার অপহৃত ১৬ জন জেলে ও মাঝিমাল্লার মধ্যে দুজনকে গুলি করে হত্যা করে লাশ সাগরে ফেলে দিয়েছে ডাকাতেরা। বাকি জেলেদের গত বুধবার কক্সবাজার থেকে উদ্ধার করা হয়েছে। হাতিয়া থেকে একদল জেলে কয়েকটি ট্রলার নিয়ে সেখানে গিয়ে তাঁদের উদ্ধার করে নিয়ে আসেন।
নিহত ব্যক্তিরা হলেন এমবি মায়ের দোয়া ট্রলারের সারেং হাতিয়া উপজেলার জাহাজমারা এলাকার জহির উদ্দিন (৪২) ও খালাসি মো. শাহনাজ (২৭)। উদ্ধার হওয়া জেলেরা হলেন জাহাজমারা এলাকার মো. ফারুক, সমির উদ্দিন, মো. রিয়াদ, তাছলিম হোসেন, আজগর হোসেন, নুরু মিয়া, দিদার হোসেন, নাছির মিস্ত্রি, মো. ইউছুফ, রিয়াজ হোসেন, আবুল কালাম, মো. স্বপন, মো. কালাম ও মো. রাজু। এর মধ্যে ফারুক, সমির ও তাছলিমকে গতকাল বৃহস্পতিবার নোয়াখালী প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালে চিকিৎসাধীন জেলে তাছলিম হোসেন বলেন, গত সোমবার বঙ্গোপসাগরে মাছ ধরে হাতিয়া ফেরার পথে কক্সবাজার এলাকার একদল ডাকাতের কবলে পড়েন তাঁরা। ডাকাতেরা তাঁদের ট্রলারসহ তিনটি ট্রলারের জেলে ও মাঝিমাল্লাদের ওপর হামলা ও গুলি চালিয়ে মাছ ও জাল লুট করে। একপর্যায়ে তারা তাঁদের ট্রলারের জেলে ও মাঝিমাল্লাসহ ১৬ জনকে ট্রলারসহ কক্সবাজারের দিকে গভীর সমুদ্রে নিয়ে যায় এবং অপর দুটি ট্রলার ছেড়ে দেয়। পরে ডাকাতেরা সারেং জহির ও খালাসি শাহনাজকে গুলি করে হত্যা করে লাশ সাগরে ফেলে দেয়। ওই সময় তাঁরা সাগরে ঝাঁপ দিয়ে রক্ষা পান।
তাছলিম আরো জানান, পরে ডাকাতেরা তাঁদের ট্রলারটির ইঞ্জিন বিকল করে দিয়ে চলে যায়। পরে অনেক কষ্টে সাঁতরে তাঁরা তাঁদের ট্রলারটিতে উঠে হাতিয়ায় খবর পাঠান। এরপর বুধবার বিকেলে হাতিয়া থেকে কয়েকটি ট্রলার গিয়ে তাঁদের আহত অবস্থায় উদ্ধার করে। বুধবার সন্ধ্যায় তাঁরা হাতিয়ায় পৌঁছান।
ট্রলারের মালিক হাতিয়ার নলচিরার দিদার হোসেন বলেন, তাঁর ট্রলারের জেলে ও মাঝিমাল্লাসহ অপহৃত ১৬ জনের মধ্যে ১৪ জন ফিরে এসেছেন। বাকি দুজনকে ডাকাতেরা হত্যা করে লাশ সাগরে ফেলে দিয়েছে। গত বুধবার বিকেলে হাতিয়া থেকে কয়েকটি ট্রলার কক্সবাজার থেকে ট্রলার, জেলে ও মাঝিমাল্লাদের উদ্ধার করে নিয়ে আসে। গতকাল বৃহস্পতিবার পর্যন্ত নিহতদের লাশের সন্ধান পাওয়া যায়নি।
হাতিয়া থানার ওসি সৈয়দ ফজলে রাব্বী বলেন, ‘আমরা শুনেছি অপহৃত ১৪ জন জেলে ফিরে এসেছেন। বাকি দুজনকে নাকি ডাকাতেরা মেরে ফেলেছে। তবে অপহরণ ও মাছ লুটের বিষয়ে থানায় কেউ লিখিত অভিযোগ করেনি।’