হাতিয়ার চরগাঙ্গুরিয়া থেকে অপহৃত ৪০ জেলে উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর হাতিয়ার চরগাঙ্গুরিয়ায় অভিযান চালিয়ে অপহৃত ৪০ জেলেকে উদ্ধার ও ১৫ জন জলদস্যুকে আটক করেছে কোস্টগার্ড। গত বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। এ সময় দস্যুদের কাছ থেকে চারটি গুলি ও কয়েকটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
কোস্টগার্ড সূত্র জানায়, গত চার দিনে মেঘনা নদী ও বঙ্গোপসাগরে মাছ ধরার সময় জলদস্যুরা তিনটি ট্রলার ডাকাতি করে। এ সময় ৪০ জন জেলেকে অপহরণ করে তারা। পরে কোস্টগার্ডের হাতিয়া স্টেশনের কমান্ডার লে. বোরহান উদ্দিনের নেতৃত্বে একটি দল অপহৃত জেলেদের উদ্ধারে বৃহস্পতিবার সকাল থেকে অভিযান শুরু করে। অপহৃত জেলেদের মেঘনার চরগাঙ্গুরিয়ায় আটকে রাখা হয়েছে এমন তথ্যের ভিত্তিতে ওই চরে অভিযান চালায় কোস্টগার্ড।
উদ্ধার করা জেলেদের বাড়ি কুতুবদিয়া, ঢালচর ও নিঝুম দ্বীপে। আর আটক জলদস্যুদের বাড়ি হাতিয়ায়।
বোরহান উদ্দিন প্রথম আলোকে বলেন, আটক জলদস্যুদের গতকাল শুক্রবার বিকেলে হাতিয়া থানায় সোপর্দ করা হয়েছে। আহত জেলেদের কোস্টগার্ডের ক্যাম্পে এনে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।