হাতিয়ার সাবেক সাংসদ ও বর্তমান পৌর মেয়রের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর হাতিয়ায় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত হওয়ার ঘটনায় সাবেক সাংসদ ও বর্তমান পৌর মেয়রের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। গতকাল শনিবার দুপুরে হাতিয়া থানায় মামলাটি করেন নিহত নূর আলমের বাবা নূর হোসেন।

এতে হাতিয়ার সাবেক সাংসদ ও নোয়াখালী জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মোহাম্মদ আলী, পৌরসভার বর্তমান মেয়র এ কে এম ইউছুফ আলীসহ ১৬০ জনকে আসামি করা হয়েছে। মামলায় অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে আরও ৩০-৩৫ জনকে।

গত বৃহস্পতিবার উপজেলার চরকিং ইউনিয়নের ভৈরববাজার এলাকায় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে যুবলীগ কর্মী নূর আলম নিহত হন।

এ বিষয়ে হাতিয়ার সাবেক সাংসদ মোহাম্মদ আলী গতকাল রাতে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, মামলার বিষয়টি তিনি শুনেছেন। ওই সংঘর্ষের ঘটনায় তাঁকে জড়ানো বিকৃত মানসিকতার পরিচয় বলে তিনি দাবি করেন।

 হাতিয়া পৌরসভার বর্তমান মেয়র এ কে এম ইউছুফ আলী বলেন, ষড়যন্ত্রমূলকভাবে তাঁকে এই মামলায় জড়ানো হয়েছে।

সাবেক সাংসদ ও পৌর মেয়রের বিরুদ্ধে মামলা হওয়ার বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদ। গতকাল রাত ১১টায় মুঠোফোনে তিনি বলেন, তদন্তে যাঁদের বিরুদ্ধে জড়িত থাকার তথ্যপ্রমাণ পাওয়া যাবে, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

গত ৩০ মার্চ হাতিয়া উপজেলার চরকিং ইউনিয়নের আফাজিয়াবাজারে সন্ত্রাসীদের ছররা গুলিতে আহত হয়েছিলেন যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আশরাফ উদ্দিন। গত রোববার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। তিনি হাতিয়া ডিগ্রি কলেজের শরীরচর্চা শিক্ষক ছিলেন। তাঁর বড় ভাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন। তিনি চরকিং ইউনিয়ন পরিষদেরও (ইউপি) চেয়ারম্যান।

আশরাফের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে গত রোববার রাত থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত হাতিয়ায় আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটে। রোববার সন্ধ্যা থেকে সোমবার রাত পর্যন্ত উপজেলার চরকিং ও চরঈশ্বর ইউনিয়নের অন্তত ১০টি বাড়িতে অগ্নিসংযোগ করা হয়। একই সময় আগুন দেওয়া হয় পাঁচটি ট্রলারে, ভাঙচুর ও লুটপাটের শিকার হয় বেশ কটি দোকান। বুধবার উপজেলার তমরুদ্দিন ইউনিয়নের চরচেঙ্গাঘাট থেকে ছেড়ে যাওয়া একটি সি-ট্রাককে লক্ষ্য করে গুলি ছোড়া হয়।

হাতিয়ায় আওয়ামী লীগের দুটি পক্ষ সক্রিয়। এক পক্ষে নেতৃত্ব দিচ্ছেন হাতিয়ার সাবেক সাংসদ ও নোয়াখালী জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মোহাম্মদ আলী। অপর পক্ষের নেতৃত্ব দিচ্ছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ওয়ালী উল্যাহ ও সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন।

এদিকে হাতিয়ার বিভিন্ন বাড়িতে ও ট্রলারে হামলা-ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় আরও দুটি মামলা হয়েছে। টানা কয়েক দিনের সহিংসতার পর শুক্রবার থেকে হাতিয়ার পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে এসেছে। গত দুদিন নতুন করে কোনো সহিংস ঘটনা ঘটেনি। গত শুক্রবার উপজেলার বিভিন্ন এলাকায় র‍্যাব-পুলিশের যৌথ অভিযানে আটক করা হয়েছে ১৩ জনকে। এর মধ্যে যুবলীগ নেতা আশরাফ হত্যা মামলার এোহারভুক্ত এক আসামিও রয়েছে।

হাতিয়ায় অবস্থান করা নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার মো. জহিরুল ইসলাম গতকাল বিকেলে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, হাতিয়ার পরিস্থিতি এখন একেবারেই শান্ত ও স্বাভাবিক।