হাতিয়ার ১০টি বাড়িতে অগ্নিসংযোগ, ভাঙচুর, লুটপাটের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুলিতে আহত যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আশরাফ উদ্দিনের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে গত রোববার সন্ধ্যা থেকে গতকাল সোমবার রাত আটটা পর্যন্ত নোয়াখালীর হাতিয়ার সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। এ সময় উপজেলার বিভিন্ন এলাকায় অন্তত ১০টি বাড়ি, ৫টি দোকান ও ৫টি মাছ ধরার ট্রলারে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ সময় কয়েকটি দোকান ও বাড়িতে লুটপাট করা হয়।
হাতিয়ার সাবেক সাংসদ ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মোহাম্মদ আলী মুঠোফোনে প্রথম আলোর কাছে অভিযোগ করেন, হাতিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ওয়ালী উল্যাহ ও সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিনের অনুসারীরা রোববার সন্ধ্যা থেকে হাতিয়াকে ভীতির জনপদে পরিণত করে। এ সময় নির্বিচারে সাধারণ মানুষের বাড়িঘর ও দোকানে হামলা-ভাঙচুর এবং অগ্নিসংযোগ করা হয়।
অবশ্য এই অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চরকিং ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. মহিউদ্দিন। তিনি প্রথম আলোকে বলেন, হাতিয়ায় এত দিন যাঁরা মোহাম্মদ আলীর অনুগত লোকজনের নির্যাতন ও অত্যাচারের শিকার হয়েছেন, তাঁরাই এখন রাস্তায় নেমে প্রতিবাদ করেছেন। ভাঙচুর-অগ্নিসংযোগের সঙ্গে তাঁদের কোনো লোক কিংবা দলীয় নেতা-কর্মীদের সম্পর্ক নেই।
গত ৩০ মার্চ হাতিয়া উপজেলার আফাজিয়া বাজারে সন্ত্রাসী হামলায় ছররা গুলিতে আহত হন যুবলীগ নেতা আশরাফ উদ্দিনসহ আরও কয়েকজন। রোববার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আশরাফ উদ্দিন হাতিয়া ডিগ্রি কলেজের শরীরচর্চার শিক্ষক ছিলেন। তাঁর ভাই হাতিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন।
পুলিশ, আওয়ামী লীগের নেতা-কর্মী ও স্থানীয় কয়েকজন ব্যক্তি মুঠোফোনে প্রথম আলোকে বলেন, রোববার সন্ধ্যায় আশরাফের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়ার পর উপজেলার নলচিরা-ওছখালী ও ওছখালী-তমরুদ্দী সড়কের বিভিন্ন স্থানে গাছের গুঁড়ি ফেলে ব্যারিকেড সৃষ্টি করেন নেতা-কর্মীরা। উপজেলা সদরের ওছখালী এলাকায় অসংখ্য ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। রাতে ওছখালী এলাকা আতঙ্কের জনপদে পরিণত হয়।
আওয়ামী লীগের একটি সূত্র জানায়, সাবেক সাংসদ মোহাম্মদ আলীর অনুসারী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মহিউদ্দিন মুহিনের চরকিং ইউনিয়নের বাড়ির দুটি ঘরে রোববার রাত আটটার দিকে আগুন ধরিয়ে দেয় দলীয় প্রতিপক্ষ। একই সময় আফাজিয়া বাজারে একটি দোকানে লুটপাট শেষে আগুন দেওয়া হয়। রাত আটটার দিকে চরইশ্বর ইউনিয়নের নলচিরা ঘাটে আজহার মেম্বারের তিনটি মাছ ধরা ট্রলারসহ পাঁচটি ট্রলারেও আগুন দেওয়া হয়। এ ছাড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মহব্বত মেম্বারের বসতঘর ও দোকানে অগ্নিসংযোগ করা হয়। রাত সাড়ে আটটার দিকে একই ইউনিয়নের বাংলাবাজার এলাকায় হেলাল মেম্বার ও রবীন্দ্র মেম্বারের বাড়ি পুড়িয়ে দেওয়া হয়। তাঁরা দুজন নিহত আশরাফের ওপর হামলার ঘটনায় করা মামলার আসামি।
উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মহিউদ্দিন অভিযোগ করেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের লোকজন তাঁর গ্রামের বাড়ির দুটি এবং পাশের আত্মীয়ের বাড়ির একটি বসতঘরে অগ্নিসংযোগ করে। সন্ত্রাসীরা বসতঘরে লুটপাট চালায় বলেও অভিযাগ করেন তিনি।
তবে হামলা ও অগ্নিসংযোগের বিষয়ে কিছুই জানেন না বলে দাবি করেন হাতিয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহিউদ্দিন। তিনি গতকাল রাতে মুঠোফানে প্রথম আলোকে বলেন, ‘আমি ভাইয়ের লাশ নিয়ে বাড়িতে আছি। শোকের মধ্যে আছি। বাড়ির বাহিরে কোথায় কী হচ্ছে, সে সম্পর্কে আমি কিছু জানি না।’
রোববার রাত আটটার দিকে হাতিয়া পৌরসভার মেয়র ইউছুফ আলীর বাড়ি লক্ষ্য করে ইট ছুড়ে মারা হয়। এ ছাড়া সাংসদ আয়েশা ফেরদৌসের ব্যক্তিগত সহকারী মো. রুবেলের বাড়িতে হামলা চালানো হয়।
নোয়াখালী সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নবজ্যোতি খীসা গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, আশরাফ মারা যাওয়ার খবর পৌঁছার পর রোববার রাতে হাতিয়ার বিভিন্ন স্থানে বাড়িঘর, দোকানে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটলেও বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। উপজেলা সদর ও আশপাশের গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন রাখা ছাড়াও টহল অব্যাহত আছে।
এদিকে গতকাল সকাল সাড়ে ১০টার দিকে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে পিটিয়ে আহত করা হয় নাজিম উদ্দিন (৫০) নামে এক ব্যক্তিকে। তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ছাড়া গত রাত আটটার দিকে চরকিং ইউনিয়নের চরকিং গ্রামের বোরহান মেম্বারের বাড়ি, নবির হাজীর বাড়ি এবং একই ইউনিয়নের আনামিয়া গ্রামের তিনটি বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
এ বিষয়ে হাতিয়ায় অবস্থান করা নোয়াখালীর সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. জসিম উদ্দিন চৌধুরী গতকাল রাত সাড়ে আটটায় প্রথম আলোকে বলেন, বোরহান মেম্বারের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা তাঁরা শুনেছেন। অন্য ঘটনাগুলোর কথা বলতে পারছেন না তাঁরা।