হাতিয়ার 'জলদস্যু সরদার' চট্টগ্রামে গ্রেপ্তার
নোয়াখালীর হাতিয়ার ‘জলদস্যু সরদার’ কামাল উদ্দিন ওরফে কাউয়্যা কামালকে (৪৮) এক সহযোগীসহ চট্টগ্রাম নগরের একটি বাসা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার ভোররাতে তাঁদের গ্রেপ্তার করা হয়।
কামাল উদ্দিনের বাড়ি হাতিয়া উপজেলার উত্তর সাগরিয়া গ্রামে। পুলিশ জানায়, কামালের বিরুদ্ধে হত্যা ও ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে পাঁচটি মামলা আছে। গ্রেপ্তার হওয়া তাঁর সহযোগী মো. সাদ্দাম হোসেন ওরফে হাত কাটা সাদ্দামের (২৫) বিরুদ্ধে ডাকাতির অভিযোগে একাধিক মামলা আছে। তাঁর বাড়ি হরনী ইউনিয়নের বয়ারচর গ্রামে।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূরুল হুদা প্রথম আলোকে বলেন, পুলিশের অভিযানের মুখে জলদস্যু সরদার কামাল উদ্দিন সহযোগী সাদ্দামসহ চট্টগ্রাম নগরের একটি বাসায় আশ্রয় নিয়েছেন—এ তথ্য পেয়ে পুলিশ গতকাল ভোররাতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে। সন্ধ্যায় তাঁদের চট্টগ্রাম থেকে হাতিয়া থানায় আনা হয়।