হাতিয়ায় অধ্যক্ষের বিরুদ্ধে ইউএনওর জিডি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর হাতিয়া উপজেলার প্রকৌশলী মোহাম্মদ ফজলুল আজিম মহিলা কলেজের অধ্যক্ষ একরাম উদ্দিনের বিরুদ্ধে সই জাল করার অভিযোগে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু হাসনাত মো. মইন উদ্দিন। গত সোমবার তিনি হাতিয়া থানায় জিডিটি করেন।
জিডিতে ইউএনও উল্লেখ করেন, গত জাতীয় সংসদ নির্বাচন চলাকালে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাঁকে ওই কলেজের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে নিয়োগ দেন। নিয়োগ পাওয়ার পর তিনি দায়িত্ব পালনকালে কলেজের শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতাসংক্রান্ত বিষয় ছাড়া অন্য কোনো বিষয়ে সভা করেননি। কিন্তু কলেজের অধ্যক্ষ ২০১৩ সালের ২০ ডিসেম্বর শিক্ষক নিয়োগসংক্রান্ত একটি সভার কার্যবিবরণীতে তাঁর উপস্থিতি ও সই দেখিয়েছেন।
সম্প্রতি ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইমামুল হোসেন সভার কার্যবিবরণী বইতে কাটাছেঁড়া দেখে সন্দেহ হলে বিষয়টি তাঁকে জানান। এরপর তিনি পরীক্ষা করে দেখেন কার্যবিবরণীতে যে সই দেখানো হয়েছে, তা তাঁর (ইউএনও) নয়।
অধ্যক্ষ সই জাল করার অভিযোগ ভিত্তিহীন দাবি করে বলেন, ‘আমাকে ফাঁসানোর জন্যই একটি কুচক্রী মহল এসব করছে। কারণ, ইতিমধ্যে (৪ আগস্ট) তাঁর কাছ থেকে জোরপূর্বক ব্যবস্থাপনা কমিটির এক সদস্য পদত্যাগপত্রে সই আদায় করে নেন এবং কলেজের সব কাগজপত্র কমিটির হেফাজতে নিয়ে গেছেন। আমার কাছে কাগজপত্র যত দিন ছিল, তাতে কোনো ঘষামাজা ছিল না।’
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ফজলে রাব্বী বলেন, বিষয়টি তদন্তের জন্য একজন উপপরিদর্শককে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত শেষে এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।