হাতিয়ায় আ.লীগের দুই পক্ষে সংঘর্ষ, নিহত ১
নোয়াখালীর হাতিয়ায় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে নূর আলম (২৫) নামের এক যুবলীগ কর্মী নিহত হয়েছেন। এ ছাড়া পিটুনিতে আহত বাহার সর্দার (৪৫) নামের এক ব্যক্তিকে নদীতে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে।
আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার চরকিং ইউনিয়নের চরবগুলা ও ভৈরববাজার এলাকায় এ ঘটনা ঘটে। আজ সন্ধ্যা পর্যন্ত বাহার সর্দারের খোঁজ পাওয়া যায়নি।
এর আগে গত ৩০ মার্চ উপজেলার চরকিং ইউনিয়নের আফাজিয়া বাজারে প্রতিপক্ষের ছররা গুলিতে আহত হয়েছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিনের ছোট ভাই আশরাফ উদ্দিন। গত রোববার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। আশরাফ যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও হাতিয়া ডিগ্রি কলেজের শরীরচর্চা শিক্ষক ছিলেন।
হাতিয়ায় অবস্থানরত সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নব জ্যোতি খীসা আজকের সংঘর্ষে গুলিবিদ্ধ নূর আলমের নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গুলিতে নিহত নূর আলম চরকিং ইউনিয়নের দক্ষিণ শুল্যাকিয়া গ্রামের নূর হোসেনের ছেলে। একই ঘটনায় তাঁর বড় ভাই মুক্তার হোসেনও (৩৫) গুরুতর আহত হয়েছেন।
বিকেল সাড়ে পাঁচটায় হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদ মুঠোফোনে প্রথম আলোকে বলেন, এখানে যে পরিস্থিতি, তাতে আরও লোক মারা যেতে পারে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে এলাকায় অভিযান জোরদার করা হয়েছে। দুজনকে আটক করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, আজ দুপুর সাড়ে ১২টার দিকে গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল চরকিং ইউনিয়নের ভৈরববাজার এলাকা থেকে যুবলীগ নেতা আশরাফ হত্যা মামলার আসামি মুরাদ মেম্বারকে ধরতে তাঁর বাড়িতে অভিযান চালায়। মুরাদ মেম্বারকে না পেয়ে ডিবির সদস্যরা ফিরে যান। এরপরই ওই বাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাট চালায় আওয়ামী লীগ নেতা মহিউদ্দিনের অনুসারীরা।
এর কিছুক্ষণ পর মহিউদ্দিনের অনুসারীরা ব্রীজবাজারে তিন-চারটি দোকান ভাঙচুর করেন। তাঁরা বাজারের কাছাকাছি অবস্থিত আবু তাহের মেম্বারের বাড়িতে হামলা-ভাঙচুর চালান। একপর্যায়ে সেখানে মোহাম্মদ আলীর অনুসারীরা পাল্টা প্রতিরোধ গড়ে তুললে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এ সময় গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে কমপক্ষে পাঁচজন আহত হন। এর মধ্যে গুলিবিদ্ধ নূর আলম ঘটনাস্থলেই মারা যান। একই ঘটনায় আহত তাঁর ভাই মুক্তারকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
মোহাম্মদ আলীর অনুসারী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মহিউদ্দিন মুহিন অভিযোগ করে বলেন, এ ঘটনার আগে বেলা সাড়ে ১১টার দিকে ভৈরববাজার, ব্রীজবাজার ও চরবগুলা থেকে চারজনকে পিটিয়ে গুরুতর আহত করেন মহিউদ্দিনের অনুসারীরা। এর মধ্যে বাহার সর্দারকে (৪৫) পিটিয়ে ব্রীজবাজারের কাছে নদীতে ফেলে দেওয়া হয়। বিকেল পর্যন্ত তাঁর কোনো খোঁজ পাওয়া যায়নি। একই সময় ১৩ নম্বর গ্রামে মিরাজের বাড়িতেও হামলা-ভাঙচুর এবং মালামাল লুট করা হয় বলে অভিযোগ করেন মুহিন।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চরকিং ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মহিউদ্দিন প্রথম আলোকে বলেন, তাঁর ভাই আশরাফ হত্যা মামলার আসামি ধরতে পুলিশ ভৈরববাজার এলাকায় যায়। এ সময় এলাকার সাধারণ লোকজনও পুলিশকে অভিযানে সহায়তা করতে এগিয়ে আসে। এতে ক্ষিপ্ত হয়ে মোহাম্মদ আলীর অনুসারীরা সহায়তাকারীদের ওপর এলোপাতাড়ি গুলি ছোড়েন। গুলিতে তাঁদের অনুসারী যুবলীগ কর্মী নূর আলম মারা যান এবং নূর আলমের ভাইসহ আরও কয়েকজন গুলিবিদ্ধ হন।
আওয়ামী লীগ নেতা মহিউদ্দিনের অভিযোগ ভিত্তিহীন উল্লেখ করে সাবেক সাংসদ মোহাম্মদ আলী প্রথম আলোকে বলেন, মহিউদ্দিনের লেলিয়ে দেওয়া দস্যু বাহিনীর তাণ্ডবের ধারাবাহিকতায় আজ সকাল থেকে ভৈরববাজার, ব্রীজবাজার ও চরবগুলার বিভিন্ন বাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাট চালানো হয়। চারজনকে নির্মমভাবে পেটানো হয়। মারাত্মকভাবে আহত বাহার সর্দারকে পার্শ্ববর্তী মেঘনা নদীতে ফেলে দেওয়া হয়। সন্ধ্যা পর্যন্ত তাঁর কোনো খোঁজ পাওয়া যায়নি।
প্রসঙ্গত, হাতিয়ায় আওয়ামী লীগের দুটি পক্ষ রয়েছে। এর মধ্যে এক পক্ষে নেতৃত্ব দিচ্ছেন মোহাম্মদ আলী। আর অপর পক্ষের নেতৃত্ব দিচ্ছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ওয়ালি উল্যাহ ও সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন। গত বছরের মার্চে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন নিয়ে দুই পক্ষের বিরোধে নতুন মাত্রা যোগ হয়। ইউপি নির্বাচনোত্তর সহিংসতায় সেখানে তিনজন নিহত হন; যাঁরা মোহাম্মদ আলীর অনুসারী হিসেবে পরিচিত।