হাতিয়ায় আ.লীগ ও সিপিবি নেতার ওপর হামলার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর হাতিয়ার বাংলাবাজার এলাকায় আওয়ামী লীগ ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) চার নেতা-কর্মীর ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে।

সিপিবির হাতিয়া উপজেলার সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন ওরফে লেলিন প্রথম আলোকে বলেন, বুধবার সন্ধ্যায় তিনি ও হাতিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নূর ইসলাম উভয় দলের নেতা-কর্মীদের নিয়ে সোনাদিয়া ইউনিয়নে পূজামণ্ডপ পরিদর্শন করতে যাচ্ছিলেন। তাঁরা সোনাদিয়ার বাংলাবাজার এলাকায় পৌঁছালে ১৫-১৬ জন দুর্বৃত্ত অতর্কিতে তাঁদের ওপর হামলা চালায়। এ সময় দুর্বৃত্তরা তাঁকে এবং নূর ইসলামকে পিটিয়ে আহত করে। তাঁরা স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে চিকিৎসা নিয়েছেন।

মাঈন উদ্দিন বলেন, গতকাল সকাল ১০টার দিকে একই ইউনিয়নের সেতু মার্কেট এলাকায় আওয়ামী লীগের কর্মী মুক্তার হোসেন ও মো. রিয়াজকে মারধর করে একদল সন্ত্রাসী। তাঁদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

তবে হামলার অভিযোগ ঠিক নয় বলে দাবি করে হাতিয়া থানার ওসি নূরুল হুদা বলেন, মাঈন উদ্দিন দলবল নিয়ে হইহুল্লোড় করতে করতে পূজামণ্ডপে যাওয়ার সময় এলাকার লোকজনের সঙ্গে বাগ্‌বিতণ্ডা হয়েছে, অন্য কিছু হয়নি। তিনি বিনা বাধায় পূজামণ্ডপ পরিদর্শন করেছেন।