ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে বিরোধের জেরে নোয়াখালীর হাতিয়া উপজেলার নিঝুম দ্বীপে আওয়ামী লীগের কর্মীদের দুটি বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে ও পিটুনিতে চারজন আহত হয়েছেন। গত শুক্রবার গভীর রাতে এ ঘটনা ঘটে।
আহত লোকজনের মধ্যে আওয়ামী লীগের কর্মী মো. ইব্রাহিমকে (৪০) গতকাল শনিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে নিঝুম দ্বীপ ইউপির আওয়ামী লীগের নির্বাচিত চেয়ারম্যান মেহরাজ উদ্দিন প্রথম আলোকে বলেন, শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে ৩০-৩৫ জনের একদল দুর্বৃত্ত ধারালো অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে প্রথমে বন্দরটিলা বাজারে কয়েকটি দোকান ভাঙচুর করে। এরপর দুর্বৃত্তরা একই এলাকায় আওয়ামী লীগের কর্মী ইব্রাহিমের বাড়িতে হামলা ও ভাঙচুর চালায় এবং ইব্রাহিককে কুপিয়ে আহত করে। এরপর দলটি বৌবাজার এলাকায় সাবেক ইউপি সদস্য মো. ইসমাইলের বাড়িতে হামলা চালায়। তারা ভাঙচুর ও মালামাল লুট করে। এ সময় ইসমাইলসহ তিনজনকে দুর্বৃত্তরা পিটিয়ে আহত করে। ইউপি নির্বাচনে নৌকায় ভোট দেওয়ায় প্রতিপক্ষের লোকজন এ হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
তবে স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, ইউপি নির্বাচনে নৌকা প্রতীক জয়লাভের পর মেহরাজ উদ্দিনের লোকজন ‘বিদ্রোহী’ প্রার্থী কাজী সাইফুল ইসলামের বেশ কয়েকজন সমর্থককে এলাকাছাড়া করেন। শুক্রবার রাতে তাঁরা এলাকায় ফিরলে এ হামলার ঘটনা ঘটে।
হাতিয়া থানার ওসি মো. গোলাম ফারুক বলেন, ইউপি নির্বাচন নিয়ে পূর্ববিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।