হাতিয়ায় আ.লীগ নেতার গাড়িবহরে হামলা, সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর হাতিয়ার সোনাদিয়া ইউনিয়নের মাইজদী বাজারে গতকাল মঙ্গলবার উপজেলা আওয়ামী লীগের এক নেতার গাড়িবহরে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় দুই পক্ষের মধ্যে কয়েক দফা পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়। এতে ১০ জন আহত হন।
আহত ব্যক্তিদের মধ্যে আটজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন উপজেলা আওয়ামী লীগের সহসাধারণ সম্পাদক নূর ইসলাম, তাঁর অনুসারী হাবিবুর রহমান, কামরুল মেম্বার, খলিলুর রহমান, জাকের হোসেন, মেহরাজ হোসেন, মহিউদ্দিন, সামছুদ্দিন ও ইসহাক আলী। তাঁরা সবাই সোনাদিয়া ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী বলে জানা গেছে। তাঁরা স্থানীয় বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
স্থানীয় সূত্র জানায়, হাতিয়া উপজেলা আওয়ামী লীগের নেতা নূর ইসলাম ঢাকায় থাকেন। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে তাঁর এলাকায় আসা ঠেকাতে গতকাল সকাল থেকে সোনাদিয়া ইউনিয়নের মাইজদী বাজারে একদল সন্ত্রাসী ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে মহড়া দিতে থাকে। সকাল নয়টার দিকে নূর ইসলামের গাড়িবহর ওই বাজারে পৌঁছার পর সন্ত্রাসীরা অতর্কিতে হামলা চালায়। এতে নূর ইসলামসহ তাঁর পাঁচ-ছয়জন অনুসারী আহত হন। এ সময় নূর ইসলামের সমর্থকেরা পাল্টা হামলা চালালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এ সময় দুই পক্ষের মধ্যে কয়েক দফা পাল্টাপাল্টি ধাওয়া হয়। এতে আরও তিন-চারজন আহত হন।
আওয়ামী লীগ নেতা নূর ইসলাম অভিযোগ করেন, গত ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী আওয়ামী লীগের সমর্থক এয়াছিন আরাফাতের নেতৃত্বে ওই হামলা চালানো হয়েছে।
অভিযোগ সম্পর্কে বক্তব্য জানতে এয়াছিন আরাফাতের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করেও সেটি বন্ধ পাওয়া যায়।
হাতিয়া থানার ওসি নূরুল হুদা বলেন, দুই পক্ষের মধ্যে সামান্য বাগ্বিতণ্ডা হয়েছে। কোনো হামলা কিংবা সংঘর্ষের ঘটনা ঘটেনি।