নোয়াখালীর হাতিয়ায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন নিয়ে আওয়ামী লীগের প্রার্থী ও ‘বিদ্রোহী’ প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়া হয়েছে। উপজেলার চরঈশ্বর ইউনিয়নের বাংলাবাজারে গত মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে আটজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে গুরুতর আহত মো. জহির (৩৫), মো. বাসু (৫২), আবুল বাশার (২৫), মো. রাশেদ (৩০), রমিজ উদ্দিন (২৮) ও কবির উদ্দিনকে (৩৫) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অন্য ব্যক্তিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়।
পুলিশ জানায়, সংঘর্ষের খবর পেয়ে হাতিয়া থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষকে ধাওয়া করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে হাসপাতাল থেকে দুজনসহ উভয় পক্ষের ছয়জনকে মঙ্গলবার রাতে আটক করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে চরঈশ্বর ইউনিয়নের বাংলাবাজারে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থীর সমর্থকেরা মিছিল করেন। একই সময় নৌকার সমর্থকেরা নির্বাচনী গণসংযোগ শেষে বাজারে এলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। রাত ১০টার দিকে উভয় পক্ষ পাল্টাপাল্টি হামলা ও সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় এক পক্ষ আরেক পক্ষের ওপর ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় পুরো বাজারের দোকানপাট বন্ধ হয়ে যায়।
বিদ্রোহী প্রার্থী আবদুল হালিম আজাদ অভিযোগ করেন, নৌকার প্রার্থী আলাউদ্দিন আজাদ ডাকাত দলকে ভাড়া করে এনে গতকাল রাতে অতর্কিতে তাঁর লোকজনের ওপর হামলা চালান। এতে জহির ও বাসু নামে দুই কর্মী গুরুতর আহত হন। এ ঘটনার পর আহত ব্যক্তিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে পুলিশ তাঁদের সেখান থেকে বিনা কারণে ধরে নিয়ে যায়।
আলাউদ্দিন আজাদ বলেন, তাঁর কর্মীরা নির্বাচনী গণসংযোগ শেষে বাজারে কার্যালয়ে এসে বসলে ‘বিদ্রোহী’ প্রার্থীর সমর্থকেরা অতর্কিতে হামলা চালিয়ে তাঁদের পাঁচ-ছয়জনকে আহত ও কার্যালয় ভাঙচুর করেন।
জানতে চাইলে আওয়ামী লীগের দুই পক্ষে সংঘর্ষের কথা নিশ্চিত করেন হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম আরিছুল হক। প্রথম আলোকে তিনি বলেন, ঘটনার খবর পেয়ে থানা-পুলিশ সেখানে গিয়ে দুই পক্ষকে দুই দিকে ধাওয়া করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ছয়জনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের গতকাল বুধবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।