হাতিয়ায় আ.লীগের মনোনয়ন নিয়ে পাল্টাপাল্টি হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর হাতিয়ায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দলীয় মনোনয়ন নিয়ে গতকাল শনিবার আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুজন আহত হয়েছেন।
আহত ব্যক্তিরা হলেন হাতিয়ার চরঈশ্বর ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া আলাউদ্দিন আজাদ (৫০) ও তাঁর সঙ্গী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোকুল চন্দ্র দাস (৫৩)।
পুলিশ ও স্থানীয় সূত্রের ভাষ্যমতে, দলীয় মনোনয়ন পাওয়ার পর গতকাল দুপুরে চরঈশ্বর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আলাউদ্দিন আজাদ গোকুলচন্দ্র দাসকে নিয়ে অটোরিকশাযোগে জেলা শহর মাইজদী থেকে হাতিয়ার উদ্দেশে যাত্রা করেন। অটোরিকশাটি হাতিয়ার হরণী ইউনিয়নের বয়ারচরের হাতিয়াবাজারের কাছে পৌঁছালে ১৪-১৫ জন দুর্বৃত্ত অটোরিকশা থামিয়ে তাঁদের ওপর হামলা চালায়। হামলাকারীরা অটোরিকশাটি ভাঙচুর করে এবং আলাউদ্দিন ও গোকুলচন্দ্রকে পিটিয়ে আহত করে। পরে আহত ব্যক্তিরা অটোরিকশাযোগে চেয়ারম্যানঘাট পুলিশ ফাঁড়িতে গিয়ে আশ্রয় নেন। বিকেলে অতিরিক্ত পুলিশ গিয়ে তাঁদের হাতিয়ায় পৌঁছানোর ব্যবস্থা করে। আহত দুজনকে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চরকিং ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মহিউদ্দিন আহমদ বলেন, সাবেক সাংসদ মোহাম্মদ আলীর লোকজন ওই হামলা চালিয়েছেন। তিনি আরও অভিযোগ করেন, গতকাল দুপুরে তিনিসহ পাঁচজন চেয়ারম্যান পদপ্রার্থী স্পিডবোটযোগে হাতিয়া ফিরছিলেন। ফেরার পথে মেঘনা নদীতে তাঁদের বহনকারী ট্রলারেও হামলার চেষ্টা চালানো হয়। কিন্তু নিজেদের বুদ্ধিমত্তার কারণে তাঁরা রক্ষা পান।
অভিযোগ অস্বীকার করে মোহাম্মদ আলী প্রথম আলোকে বলেন, দলীয় মনোনয়ন পাওয়া ও মনোনয়নবঞ্চিতরা মারামারিতে লিপ্ত হয়েছেন। এ সময় মহিউদ্দিনের লোকেরা নলচিরাঘাটে একটি স্পিডবোটে অগ্নিসংযোগ ও আরেকটি ভাঙচুর করে।
হাতিয়া থানার ওসি মো. আরিছুল হক বলেন, আওয়ামী লীগের মনোনয়নবঞ্চিত ব্যক্তির লোকজন হাতিয়াবাজারের কাছে দলীয় প্রার্থীর ওপর হামলা ও অটোরিকশা ভাঙচুর করেছে। এর জের ধরে নলচিরা ঘাটে একটি স্পিডবোট ভাঙচুর করা হয়।