হাতিয়ায় আ.লীগের সাংসদের বাড়িতে সভা চলাকালে গুলি
নোয়াখালীর হাতিয়ায় স্থানীয় সাংসদের বাড়ি লক্ষ্য করে প্রায় ১০০ রাউন্ড ছররা গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। সাংসদের (নোয়াখালী-৬ আসন) বাড়ি উপজেলা সদরের লক্ষ্মীদিয়া এলাকায়। গতকাল বুধবার বেলা দুইটার দিকে যখন এই ঘটনা ঘটে, তখন বাড়ির ভেতরে খোলা চত্বরে একটি সভায় বক্তব্য দিচ্ছিলেন সাংসদ আয়েশা ফেরদাউস। তবে তিনি অক্ষত রয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা বলেন, হামলাকারী ২০-২৫ জন ছিল। হামলার পরপরই সাংসদের অনুসারীরা বাড়ি থেকে বেরিয়ে দুর্বৃত্তদের ধাওয়া দেয়। পরে তাঁরা ২০০ গজ দূরে একই এলাকায় আওয়ামী লীগ-সমর্থিত এক ব্যবসায়ীর বাড়িতে হামলা চালান। এ সময় দুই পক্ষে সংঘর্ষ বাধে। এতে কমপক্ষে ৩৯ জন আহত হন। বেশির ভাগই ছররা গুলিতে আহত হয়েছেন।
আয়েশা ফেরদাউস এই ঘটনার জন্য হাতিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ওয়ালী উল্যাহ, সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন ও ব্যবসায়ী মাহমুদ আলী ওরফে রাতুলকে দায়ী করেছেন। তাঁর অভিযোগ, মাহমুদ আলীর বাড়ি থেকেই সন্ত্রাসীরা এসেছিল। শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশ লক্ষ্য করে তারা এলোপাতাড়ি গুলি ছোড়ে। অল্পের জন্য প্রাণে রক্ষা পান তিনি। হামলায় তাঁর বাড়ির ভেতরে ও বাইরে সংঘর্ষে ২৩ নেতা-কর্মী আহত হয়েছেন। তাঁদের মধ্যে ১২ জনের গায়ে ছররা গুলি লেগেছে।
অভিযোগের বিষয়ে মাহমুদ আলী প্রথম আলোর কাছে দাবি করেন, সাংসদের বাড়িতে তাঁদের কোনো লোক হামলা করেননি। উল্টো সাংসদের নেতৃত্বে লাঠিসোঁটা ও অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিতে তাঁর বাড়িতে হামলা-ভাঙচুর হয়েছে। এতে ১৬ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে চারজনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্র জানায়, গত ৩০ আগস্ট হাতিয়ার সোনাদিয়া ইউনিয়নে স্থানীয় যুবলীগ কর্মী ও ১২ মামলার আসামি রিয়াজ উদ্দিনকে (৩২) কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় ৫ সেপ্টেম্বর রিয়াজের বাবার করা মামলায় অন্যদের সঙ্গে হাতিয়ার সাবেক সাংসদ মোহাম্মদ আলীকেও (বর্তমান সাংসদের স্বামী) আসামি করা হয়। মিথ্যা মামলার প্রতিবাদে গতকাল সাংসদের বাড়িতে প্রতিবাদ সমাবেশ হচ্ছিল। সভায় সাংসদ আয়েশা ফেরদাউস বক্তৃতা শুরু করার আগ মুহূর্তে দুর্বৃত্তরা বাড়ির উত্তর দিক থেকে এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে।
প্রত্যক্ষদর্শীরা বলেন, হামলাকারীরা ব্যবসায়ী মাহমুদ আলী ওরফে রাতুলের বাড়িতে আশ্রয় নিয়েছে, এই অভিযোগ তুলে সাংসদের সমর্থকেরা প্রথমে ওই বাড়িতে হামলা-ভাঙচুর চালান। পরে সেখানে থাকা নেতা-কর্মীরা প্রতিরোধ গড়ে তোলেন।
হাতিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) গোলাম ফারুক প্রথম আলোকে বলেন, সাংসদের বাড়িতে হামলার ঘটনার জের ধরে দুই পক্ষে সংঘর্ষ হয়েছে। পুলিশ কাঁদানে গ্যাস ও শর্টগানের গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পাশাপাশি কোস্টগার্ডকেও ডাকা হয়। সংঘর্ষ থামাতে গিয়ে ইটের আঘাতে পুলিশের পাঁচ-ছয় জন সদস্য আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। উপজেলা সদরে পুলিশ ও কোস্টগার্ডের টহল রয়েছে।