হাতিয়ায় গৃহবধূকে পিটিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর হাতিয়ার চানন্দি ইউনিয়নের কেরিংচরের জগন্নাথপুর গ্রামে গত বৃহস্পতিবার সন্ধ্যায় এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
নিহত প্রার্থনা বালা দাশ (৩৫) ওই গ্রামের বংকেশর দাশের স্ত্রী। ঘটনার পর থেকে বংকেশর পলাতক।
মোর্শেদ বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) খন্দকার আজাদুল ইসলাম প্রথম আলোকে বলেন, প্রার্থনা বালার সংসারে অশান্তি চলছিল। স্বামী তাঁকে আগেও কয়েকবার মারধর করেন। এ কারণে তিনি স্বামী বংকেশরের বিরুদ্ধে মামলা করেছিলেন। এসব কারণে স্বামী-স্ত্রীর দ্বন্দ্ব আরও বেড়ে যায়। এর জের ধরে বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ছয়টার দিকে বংকেশর তাঁর শিশুকন্যা সুমি দাশকে (৪) বেঁধে স্ত্রী প্রার্থনাকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করে লাশ মেঝেতে রেখে পালিয়ে যান।
এসআই আজাদুল বলেন, প্রার্থনার শিশুকন্যা পুলিশকে বলেছে তার বাবা মাকে মেরেছেন। ঘটনার সময় প্রার্থনার দুই ছেলে বাড়িতে ছিল না। শিশু সুমির চিৎকার ও কান্নাকাটি শুনে আশপাশের লোকজন এসে ঘরের মেঝেতে প্রার্থনার লাশ পড়ে থাকতে দেখেন।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে পুলিশ প্রার্থনার লাশ উদ্ধার করে। গতকাল শুক্রবার ময়নাতদন্তের জন্য লাশটি নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ফরিদ উদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, প্রার্থনা বালা দাশের পুরো শরীরেই আঘাতের দাগ আছে। ধারণা করা হচ্ছে, নিহত নারীর বুকের ওপর প্রচণ্ডভাবে আঘাত করা হয়েছে।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম আরিচুল হক প্রথম আলোকে জানান, এ ঘটনায় এখনো থানায় মামলা হয়নি।