হাতিয়ায় চেয়ারম্যানের আড়তে জলদস্যুদের হামলা, মালামাল লুট
নোয়াখালীর হাতিয়া উপজেলার চরঈশ্বর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল হালিম ওরফে আজাদের মাছের আড়তে লুটপাট চালিয়েছে জলদস্যুরা। দুর্বৃত্তরা নগদ টাকা, মাছ, জালসহ ৩০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে বলে তাঁর দাবি। গত মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে।
ইউপি চেয়ারম্যান আবদুল হালিম বলেন, চরঈশ্বরের মাইচ্ছা মার্কেটে তাঁর আড়ত। সেখানে কয়েক দিন ধরে ডাকাতির পরিকল্পনা চলছে জানতে পেরে তিনি বিষয়টি পুলিশকে জানান। ইতিমধ্যে মঙ্গলবার রাত আড়াইটার দিকে ২০-২৫ জনের একটি সশস্ত্র দল ফাঁকা গুলি ছুড়তে ছুড়তে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে তাঁর আড়তে হামলা চালায়। দস্যুরা আড়তের কর্মী রূপক নন্দী দাস ও আবুল কালাম কালুকে পিটিয়ে ক্যাশবাক্স থেকে টাকা, সংরক্ষিত ইলিশ মাছ, মাছ ধরার জাল, সোলার প্যানেলসহ মূল্যবান মালামাল নিয়ে গেছে।
হাতিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. জাকির হোসেন বলেন, খবর পেয়ে রাতেই টহল পুলিশ ঘটনাস্থলে যায়। ক্ষতিগ্রস্ত আবদুল হালিমকে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে।