হাতিয়ায় ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম
নোয়াখালীর হাতিয়ায় শোক দিবসের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে ইউনুছ আলী (২৫) নামে ছাত্রলীগের এক নেতাকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। গত সোমবার রাত আটটার দিকে উপজেলার চরকিং ও চরঈশ্বর ইউনিয়নের সীমান্তবর্তী তেমুহনী সড়কে এ ঘটনা ঘটে।
আহত ইউনুছ হাতিয়া দ্বীপ সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক। তাঁর বাড়ি নলচিরা ইউনিয়নের আফাজিয়া এলাকায়।
ইউনুছ আলী বলেন, সোমবার দিনভর তিনি স্থানীয় সাংসদ আয়েশা ফেরদাউসের সঙ্গে জাতীয় শোক দিবসের বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করে রাত আটটার দিকে বাড়ি ফিরছিলেন। তেমুহনী সড়কে পৌঁছামাত্র তাঁর ওপর হামলা চালানো হয়। এ সময় তাঁকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারা হয় ও বাঁ পায়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। পরে আশপাশের লোকজন তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
ইউনুছ আলীর অভিযোগ, সাংসদ আয়েশা ফেরদাউসের পক্ষে কর্মসূচিতে অংশ নেওয়ায় হাতিয়া আওয়ামী লীগের একাংশের লোকজন তাঁর ওপর এ হামলা চালিয়েছে।
হাতিয়ায় আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছে। এক পক্ষের নেতৃত্বে আছেন জেলা আওয়ামী লীগের নেতা সাবেক সাংসদ মোহাম্মদ আলী ও সাংসদ আয়েশা ফেরদাউস। অন্য পক্ষের নেতৃত্ব দিচ্ছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ওয়ালী উল্লা ও সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চরকিং ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. মহিউদ্দিন অভিযোগ অস্বীকার করে প্রথম আলোকে বলেন, ‘আমাদের লোকজনের বিরুদ্ধে উদ্দেশ্যমূলকভাবে এসব অপপ্রচার চালানো হচ্ছে।’
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম ফারুক বলেন, আওয়ামী লীগের এক পক্ষের জাতীয় শোক দিবসের কর্মসূচিতে যোগ দেওয়ায় অপর পক্ষের লোকেরা এ হামলা চালিয়েছে বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে। এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।