হাতিয়ায় ডাকাত সন্দেহে গণপিটুনিতে নিহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর হাতিয়ার চেয়ারম্যান ঘাট ফাঁড়ির পুলিশের ওপর হামলা চালিয়ে পালানোর চেষ্টার সময় গত শুক্রবার রাতে গণপিটুনিতে সন্দেহভাজন চার ডাকাত নিহত হয়েছেন।
পুলিশ জানায়, নিহত ব্যক্তিরা হলেন জয়পুরহাট সদর উপজেলার আবু বকর ছিদ্দিক (২৭), গাইবান্ধার গোবিন্দগঞ্জের সাইফুল ইসলাম (২২), দিনাজপুরের চিরিরবন্দরের আশিকুর রহমান (২২) ও চাঁপাইনবাবগঞ্জ সদরের আকবর আলী (২৪)। গণপিটুনিতে চাঁপাইনবাবগঞ্জ সদরের মো. সুমন (২৪) ও অজ্ঞাতনামা আরও এক ব্যক্তি (২৫) আহত হন। তাঁদের নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় সন্দেহভাজন ডাকাতদের হামলায় পুলিশ কনস্টেবল ফজলুল হক, জাহাঙ্গীর আলম ও কামরুল ইসলাম আহত হন। ফজলুল হককে নোয়াখালী জেনারেল হাসপাতালে এবং অন্য দুজনকে সুবর্ণচরের চরজব্বার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রের ভাষ্যমতে, গত শুক্রবার বিকেলে একটি ইঞ্জিনচালিত মাছধরার নৌকা চেয়ারম্যান ঘাটে এসে ভিড়ে। নৌকায় ১০-১২ জন যুবক ছিলেন। এ সময় ঘাটের লোকজন পরিচয় জানতে চাইলে তাঁরা নিজেদের প্রথমে কোস্টগার্ডের সদস্য ও পরে জেলে পরিচয় দেন। কিছুক্ষণ পর বলেন তাঁরা শিপিং করপোরেশনে চাকরি করেন। এতে ঘাটের লোকজনের সন্দেহ হয়। এরই মধ্যে দুই যুবক একটি পাটের বস্তা নিয়ে নৌকা থেকে ঘাটে ওঠেন। এ সময় লোকজন তাঁদের বস্তা তল্লাশি করে ভেতরে কয়েকটি ধারালো অস্ত্র দেখতে পান। সঙ্গে সঙ্গে ঘাটের লোকজন নৌকাটি ঘেরাও করে চেয়ারম্যান ঘাট পুলিশ ফাঁড়িতে খবর দেন। পুলিশ এসে ছয় যুবককে আটক করে ফাঁড়িতে নিয়ে দড়ি দিয়ে বেঁধে রাখে। পুলিশ ঘাটে যাওয়ার আগে নৌকায় থাকা কয়েকজন পালিয়ে যান।
পুলিশ জানায়, আটক যুবকদের কাছ থেকে বিভিন্ন আকৃতির সাতটি কিরিচ, বেশ কিছু কাচের বোতল, একটি মাছধরার জাল, একটি ইঞ্জিনচালিত মাছধরার নৌকা, চাল-ডালসহ বেশ কিছু তৈজসপত্র উদ্ধার করা হয়েছে।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম আরিছুল হক বলেন, আটক যুবকেরা এই এলাকায় ডাকাতি করতে এসেছেন বলে ধারণা করা হচ্ছে।
নোয়াখালী সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) নবজ্যোতি খিসা বলেন, আটক যুবকদের ফাঁড়িতে আনার পর পাশের মোরশেদ বাজার পুলিশ ক্যাম্পে খবর দেওয়া হয়। সেখান থেকে পুলিশের কয়েকজন সদস্য আসেন। পুলিশ আটক যুবকদের জিজ্ঞাসাবাদ করে প্রাথমিকভাবে পাঁচজনের নাম-পরিচয় জানতে পারে। তিনি বলেন, রাত সাড়ে ১০টার দিকে পুলিশের কয়েকজন সদস্য নৌকায় তল্লাশি করতে ঘাটে যান। রাত পৌনে ১১টার দিকে ফাঁড়িতে জেনারেটরের বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। এ সময় আটক যুবকেরা পুলিশের ওপর হামলা চালান। যুবকেরা টেবিলের ওপর রাখা উদ্ধার হওয়া ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে তিন পুলিশ সদস্যকে আহত করে পালানোর চেষ্টা করেন। এ সময় পুলিশের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে ধাওয়া করে ছয় যুবককে ধরে গণপিটুনি দেন। পরে যুবকদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পথে চারজনের মৃত্যু হয়।
নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মো. ফরিদ উদ্দিন চৌধুরী বলেন, রাত দুইটার দিকে চারজনকে মৃত ও দুজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনা হয়। লাশের অবস্থা দেখে মনে হয়েছে, কিল-ঘুষি ও পিটুনিতে তাঁদের মৃত্যু হয়েছে।
সুধারাম থানার ওসি আনোয়ার হোসেন বলেন, নিহত চার যুবকের লাশ হাসপাতালের মর্গে আছে। রোববার (আজ) ময়নাতদন্তের পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
এদিকে চেয়ারম্যান ঘাট ফাঁড়ির একাধিক পুলিশ সদস্য প্রথম আলোকে বলেন, তাঁদের কাছে হাতকড়া কিংবা আসামি বাঁধার দড়ি না থাকায় তাঁরা নিজেদের লেপ-তোশক বাঁধার দড়ি দিয়ে আটক যুবকদের বেঁধে রাখেন। এরই মধ্যে জেনারেটর বন্ধ হয়ে গেলে পুরো ফাঁড়িতে অন্ধকার নেমে আসে। এ সুযোগে যুবকেরা তাঁদের ওপর ঝাঁপিয়ে পড়েন। তাঁরা জানান, চেয়ারম্যান ঘাটের এই ফাঁড়িতে এখনো বিদ্যুৎ পৌঁছায়নি। সৌরবিদ্যুতের ব্যবস্থাও করা হয়নি। সৌরবিদ্যুৎ থাকলেও যুবকেরা পুলিশের ওপর হামলা করে পালানোর চেষ্টা করতে পারতেন না।
এ প্রসঙ্গে অতিরিক্ত পুলিশ সুপার এস এম আশরাফুজ্জামান বলেন, ফাঁড়ির পুলিশ সদস্যদের কাছে সাধারণত হাতকড়া কিংবা দড়ি থাকে না।