হাতিয়ায় তিন বাড়িতে হামলা, আহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর হাতিয়ার চরকিং ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের তিনটি বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট চালিয়েছে সন্ত্রাসীরা। গত শনিবার দিবাগত রাত ১২টার দিকে এ হামলার ঘটনা ঘটে। হামলায় অন্তত চারজন আহত হয়েছেন।
গত ২২ মার্চ অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে বিরোধের জের ধরে বিজয়ী প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিনের লোকজন এ হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন পরাজিত প্রার্থী মহিউদ্দিন মহিন। তবে এ বিষয়ে মহিউদ্দিনের বক্তব্য জানা যায়নি।
পুলিশ সূত্র জানায়, রাত ১২টার দিকে বোয়ালিয়া গ্রামের সন্ধিয়া হাজি বাড়ি, বোরহান হুজুরের বাড়ি ও আবু বকর ছিদ্দিকের বাড়িতে ২৫-৩০ জন সন্ত্রাসী ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিতে হামলা চালায়। তারা এ সময় তিনটি বসতঘর ভাঙচুর করা হয় এবং নগদ টাকা, স্বর্ণালংকার, দুটি মোটরসাইকেলসহ বিভিন্ন মালামাল লুট করে।
বোরহান হুজুরের বাড়ির গৃহকর্তা নেয়ামত উল্লাহ অভিযোগ করেন, ইউপি নির্বাচনের জের ধরে এ হামলা চালানো হয়েছে। এ ঘটনায় স্থানীয় দুই ইউপি সদস্যও জড়িত রয়েছেন। হামলাকারীরা নারীদের শ্লীলতাহানির চেষ্টা করে বলেও তিনি অভিযোগ করেন।
জানতে চাইলে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম আরিচুল হক প্রথম আলোকে বলেন, ইউপি নির্বাচনের বিরোধের জের ধরে তিনটি বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। হামলার ঘটনায় ভুক্তভোগীদের থানায় লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।