হাতিয়ায় দুই জলদস্যুকে গণপিটুনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর হাতিয়ার জাহাজ্জারচরের কাছে মেঘনায় জলদস্যুদের আক্রমণের শিকার জেলেরা দুই দস্যুকে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছেন।
আটক ব্যক্তিরা হলেন: সুবর্ণচর উপজেলার হাজীপুর গ্রামের শংকর মজুমদার (৪৫) ও নওয়াপাড়ার আকবর হোসেন (২০)। তাঁদের কাছ থেকে একটি এলজি ও দুটি গুলি উদ্ধার করা হয়েছে। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মেঘনায় মাছ ধরে গতকাল শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে হাতিয়ায় ফিরছিলেন একদল জেলে। এ সময় ১০-১২ জন দস্যু জাহাজ্জারচরের কাছে জেলেদের ওপর অতর্কিতে হামলা চালায়। হামলায় কয়েকজন জেলে সামান্য আহত হন। এ ঘটনার পর জেলেরা সংঘবদ্ধ হয়ে চারদিক থেকে দস্যুদের ট্রলার ঘিরে ফেলে ইটপাটকেল নিক্ষেপ করেন। এ সময় দুজন দস্যু ট্রলার থেকে নদীতে পড়ে যায়। অন্যরা ট্রলার নিয়ে পালিয়ে যায়। পরে জেলেরা ওই দুই দস্যুকে নদী থেকে তুলে এনে গণপিটুনি দিয়ে থানায় খবর দেন। বেলা তিনটার দিকে পুলিশ তাদের থানায় নিয়ে যায়।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ফজলে রাব্বী প্রথম আলোকে বলেন, জেলেরা দুই দস্যুকে অস্ত্র ও গুলিসহ আটক করে পিটুনি দেন। খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে।