হাতিয়ায় দুই বাড়িতে হামলা, আহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর হাতিয়ায় সন্ত্রাসীদের হামলায় নিহত আওয়ামী লীগের এক নেতার বাড়িসহ দুই বাড়িতে হামলা-ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা। এতে তিন নারীসহ পাঁচজন আহত হন। গতকাল বুধবার উপজেলার চরকিং ইউনিয়নের মৃধা গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রের ভাষ্য অনুযায়ী, গতকাল দুপুর পৌনে ১২টার দিকে ৫০-৬০ জন দুর্বৃত্ত অস্ত্রশস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে সন্ত্রাসী হামলায় নিহত ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আপের উদ্দিনের গ্রামের বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা আপের উদ্দিনের বসতঘর ভাঙচুর করে। এ সময় দুর্বৃত্তদের মারধরে আপের উদ্দিনের মা জাহানারা বেগম (৬৫), স্ত্রী হোসনা বেগম (৩৫) ও ছোট ভাইয়ের স্ত্রী সুলতানা বেগমসহ (১৮) পাঁচজন আহত হন। পরে স্থানীয় লোকজনের সহায়তায় তিনজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

স্থানীয় সূত্র জানায়, আপেরের বাড়িতে হামলার পর দুর্বৃত্তরা পাশের ওহাব মাস্টারের বাড়িতে হামলা চালায়। খবর পেয়ে হাতিয়া থানার পুলিশ ঘটনাস্থলের দিকে যেতে চাইলে দুর্বৃত্তরা পুলিশকে লক্ষ্য করে বেশ কয়েকটি গুলি করে। এ সময় পুলিশও পাল্টা ফাঁকা গুলি করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন নিয়ে বিরোধের জের ধরে সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আপের উদ্দিন (৪০) গত ৯ সেপ্টেম্বর মারা যান। এ ঘটনায় আপের উদ্দিনের ভাই রাসেল উদ্দিন ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিনের ছেলে ফাহিম উদ্দিন, ইউপি সদস্য মো. ইব্রাহিমসহ ৫২ জনকে আসামি করে হত্যা মামলা করেন।

রাসেলের অভিযোগ, তাঁর ভাই হত্যার ঘটনায় থানায় মামলা করার পর থেকে ফাহিম, ইব্রাহিমসহ আসামিরা নানা হুমকি দিয়ে আসছিল। যার জের ধরে গতকাল সন্ত্রাসীরা তাঁদের বাড়িতে হামলা-ভাঙচুর চালিয়েছে। হামলার নেতৃত্বে ছিলেন মহিউদ্দিন চেয়ারম্যানের অনুসারী ইউপি সদস্য মো. ইব্রাহিম।

জানতে চাইলে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহিউদ্দিন প্রথম আলোকে বলেন, তাঁর কোনো লোক আপেরের বাড়ি কিংবা অন্য কারও বাড়িতে হামলা চালায়নি। স্থানীয় একদল সন্ত্রাসী দাসপাড়া এলাকায় ইব্রাহিম মেম্বারের ওপর হামলা চালালে এলাকার লোকজন ক্ষিপ্ত হয়ে সন্ত্রাসীদের বাড়িঘরে হামলা চালিয়েছে।

হাতিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. জাকির হোসেন প্রথম আলোকে বলেন, আওয়ামী লীগের নেতা আপেরের হত্যা মামলার আসামিরা গতকাল তাঁর বাড়িতে হামলা চালিয়েছে। এ ছাড়া আরও একটি বাড়িতে হামলার খবর পাওয়া গেছে। ঘটনা শুনে পুলিশ সেখানে গেলে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে পুলিশও ১২-১২টি ফাঁকা গুলি করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।