হাতিয়ায় দুই বোন গণধর্ষণের শিকার হওয়ার অভিযোগ, ইউপি সদস্য গ্রেপ্তার

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার জাহাজমারা ইউনিয়নের একটি গ্রামে দুই বোন গণধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। গত শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। গতকাল শনিবার দুপুরে তাঁদের প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে রাতে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ রোববার দুপুরে নোয়াখালী জেনারেল হাসপাতালে দুই বোনের ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে বলে আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সৈয়দ মহিউদ্দিন আজিম জানিয়েছেন। তবে পরীক্ষার ফলাফল পেতে কয়েক দিন সময় লাগবে বলে তিনি উল্লেখ করেন। এ ঘটনায় স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য বেলাল হোসেনকে (৩৫) গ্রেপ্তার করেছে জাহাজমারা তদন্ত কেন্দ্রের পুলিশ।
পুলিশ ও স্থানীয় লোকজনের ভাষ্য, জাহাজমারা ইউনিয়নের একটি গ্রামের দুই বোন। একজনের বয়স আনুমানিক ২২ বছর। অপরজনের বয়স ১৮। বড় বোনের বিয়ে হলেও তিনি বাবার বাড়িতে থাকতেন। গত শুক্রবার রাতে বাড়িতে পুরুষ কেউ না থাকার সুযোগে স্থানীয় ইউপি সদস্য বেলাল হোসেনের নেতৃত্বে ছয়জন তাঁদের ঘরে ঢুকে মা ও শিশুকে জিম্মি করে দুই বোনকে ধর্ষণ করে পালিয়ে যান। গতকাল সকালে তাঁরা বিষয়টি স্থানীয় জাহাজমারা পুলিশ তদন্ত কেন্দ্রে জানান।
জাহাজমারা তদন্ত কেন্দ্রের পরিদর্শক শাহজালাল বাবুল প্রথম আলোকে বলেন, গণধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ ওঠা দুই বোনের মা বাদী হয়ে থানায় ইউপি সদস্য বেলাল হোসেনসহ ছয়জনকে আসামি করে একটি মামলা করেছেন। গতকাল দুপুরে মামলার প্রধান আসামি বেলালকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তার করতে চেষ্টা চলছে।