হাতিয়ায় নদী থেকে লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোয়াখালীর হাতিয়ার হরনী ইউনিয়নের বয়ারচরের চেয়ারম্যানঘাটের কাছে মেঘনা নদী থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির (৩০) হাত-পা ও মাথাবিহীন গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গতকাল বৃহস্পতিবার বিকেলে মেঘনা নদীতে একটি লাশ ভাসতে দেখেন লোকজন। খবর পেয়ে স্থানীয় তদন্ত কেন্দ্রের পুলিশ লাশটি উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশটি নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
জানতে চাইলে সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) নবজ্যোতি খীসা প্রথম আলোকে বলেন, লাশটি দুই-এক মাস আগের হতে পারে। ভাসতে ভাসতে অন্য কোনো এলাকা থেকে লাশটি এই এলাকায় চলে এসেছে বলে ধারণা করা হচ্ছে। ওই ব্যক্তির মৃত্যুর কারণ সম্পর্কে কিছু বোঝা যাচ্ছে না। তিনি জানান, এ ঘটনায় থানায় সাধারণ ডায়রি (জিডি) করা হয়েছে।