হাতিয়ায় পরাজিত প্রার্থীর সমর্থকের বাড়িতে হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর হাতিয়ার চরকিং ইউনিয়নের মৃধা গ্রামে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে পরাজিত এক চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থকদের বাড়িতে গতকাল রোববার হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও গুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ছয়জন গুলিবিদ্ধসহ কমপক্ষে আটজন আহত হয়েছেন।
চরকিং ইউপি নির্বাচনে বিজয়ী হন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন। নির্বাচনে পরাজিত হন আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী মহিউদ্দিন মহিন। গত ২২ মার্চ অনুষ্ঠিত নির্বাচনের আগে-পরে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে বেশ কয়েকবার পাল্টাপাল্টি হামলা ও সংঘর্ষ হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রের ভাষ্যমতে, নির্বাচনী বিরোধের জের ধরে গতকাল বেলা একটার দিকে বিজয়ী প্রার্থী মহিউদ্দিনের ৫০-৬০ জন সমর্থক মৃধা গ্রামে ‘বিদ্রোহী’ প্রার্থী মহিউদ্দিন মহিনের সমর্থক ওমর ফারুকদের বাড়িতে অতর্কিতে হামলা চালান। হামলাকারীরা বাড়ির দুটি বসতঘর ভাঙচুর করেন ও একটি রান্নাঘরে অগ্নিসংযোগ করেন। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে ও গুলিতে কমপক্ষে আটজন আহত হন। একপর্যায়ে মহিউদ্দিন মহিনের সমর্থকেরা সংঘবদ্ধ হয়ে প্রতিরোধে এগিয়ে এলে দুপক্ষ মুখোমুখি হয়ে যায়। এ সময় হাতিয়া থানার পুলিশ দুপক্ষকে ধাওয়া করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মহিউদ্দিন মহিনের সমর্থক ওমর ফারুক প্রথম আলোকে বলেন, ভোটের আগে থেকেই আওয়ামী লীগের প্রার্থী মহিউদ্দিনের সমর্থকেরা তাঁদের নানা হুমকি-ধমকি দিয়ে আসছেন। গতকাল দুপুরে বিনা উসকানিতে মহিউদ্দিন চেয়ারম্যানের অনুসারী একদল সন্ত্রাসী গুলি ছুড়তে ছুড়তে তাঁদের বাড়িতে ঢুকে এলোপাতাড়ি হামলা-ভাঙচুর শুরু করেন। একপর্যায়ে হামলাকারীরা একটি রান্নাঘরে অগ্নিসংযোগ করেন।
গুলিতে আহত চারজনকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তাঁদের নোয়াখালী জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তাঁরা হলেন আবু তাহের (৭০), রাসেল উদ্দিন (৩০), ওমর ফারুক (৩৫) ও শামীম উদ্দিন (১৬)। এ ছাড়া গুলিবিদ্ধ নেছার উদ্দিন (১২), মো. ওয়াসিম (১৫) এবং ধারালো অস্ত্রের আঘাতে আহত সৌরভ উদ্দিন (২০) ও মো. একরামকে (৩০) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
হামলার অভিযোগ অস্বীকার করে বিজয়ী চেয়ারম্যান পদপ্রার্থী মো. মহিউদ্দিন প্রথম আলোকে বলেন, তিনি বর্তমানে ঢাকায় আছেন। এলাকায় খোঁজ নিয়ে জেনেছেন, দুপুরে ‘বিদ্রোহী’ প্রার্থীর সমর্থকেরা তাঁর সমর্থক মমিন সর্দার ও সফির বাড়িতে হামলা এবং এনামের মোটরসাইকেল ছিনিয়ে নেওয়ার পর এলাকার লোকজন উত্তেজিত হয়ে হামলাকারীদের বাড়িতে পাল্টা হামলা চালিয়েছেন।
হাতিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. জাকির হোসেন বলেন, নির্বাচন-পূর্ব বিরোধের জের ধরে আওয়ামী লীগের প্রার্থীর সমর্থকেরা বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর চালিয়েছেন। দুটি বসতঘর ভাঙচুর এবং একটি রান্নাঘর পোড়ানো অবস্থায় পাওয়া গেছে। হামলায় কয়েকজন গুলিতে ও ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছেন।