হাতিয়ায় পাঁচ জেলেকে অপহরণ, ৩৬ লাখ টাকার ইলিশ লুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর হাতিয়া থেকে পাঁচ জেলেকে জলদস্যুরা অপহরণ করেছে বলে অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে উপজেলার দমারচরের কাছে বঙ্গোপসাগর ও মেঘনা নদীর মোহনায় মাছ ধরার পাঁচটি ট্রলারে হামলা চালায় জলদস্যুরা। এ সময় জেলেদের মারধর করে পাঁচ ট্রলারে থাকা প্রায় ৩৬ লাখ টাকার ইলিশ মাছ লুট করা হয়। যাওয়ার সময় ওই পাঁচ জেলেকে তুলে নিয়ে যায় জলদস্যুরা।
হাতিয়ার জাহাজমারা বোট মালিক সমিতির সভাপতি রাশেদ উদ্দিন ও সাধারণ সম্পাদক মো. নবীর উদ্দিন প্রথম আলোকে বলেন, ওই পাঁচ জেলের প্রত্যেকের মুক্তিপণ বাবদ দুই লাখ টাকা করে দাবি করেছে জলদস্যুরা। তাঁরা বলেন, বড় মিয়া ওরফে ফারুক ডাকাত ও রানা ডাকাত বাহিনীর ২৫-৩০ জন সদস্য পাঁচটি ট্রলারে হামলা চালায়।
বোট মালিক সমিতির দুই নেতা বলেন, অপহৃত জেলেরা হলেন এমাল সারেং (৪২), সিরাজ উদ্দিন (৩২), মহি উদ্দিন সারেং (৪৮), আনোয়ার মেম্বার (৪৫) ও রহিম উদ্দিন (৩৮)। বোট মালিক সমিতির ওই দুই নেতা বলেন, গতকাল বিকেলে মুঠোফোনে জলদস্যু বড় মিয়া ওরফে ফারুক ও রানা পরিচয়ে অপহৃত জেলেদের ছাড়ানোর জন্য জনপ্রতি ২ লাখ টাকা করে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে। দাবি অনুযায়ী টাকা দেওয়া না হলে অপহৃত জেলেদের হত্যার হুমকি দিয়েছে তারা।
এ বিষয়ে হাতিয়া থানার ওসি গোলাম ফারুক বলেন, মাছ ধরার ট্রলারে ডাকাতির বিষয়ে তিনি কিছু জানেন না। এ বিষয়ে কোস্টগার্ডের সঙ্গে কথা বলার পরামর্শ দেন তিনি।
পরে কোস্টগার্ডের হাতিয়া স্টেশনের কমান্ডার লে. ওমর ফারুকের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হয়। বেশ কয়েকবার রিং হলেও তিনি ফোন ধরেননি।