হাতিয়ায় বিদ্যালয়ে সন্ত্রাসীদের হামলা, ৮ শিক্ষক আহত
নোয়াখালীর হাতিয়া উপজেলার চরকিং বালিকা উচ্চবিদ্যালয়ে গতকাল শনিবার হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এতে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ আটজন শিক্ষক আহত হন।
আহত শিক্ষকেরা হলেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফখরুল ইসলাম (৪১), শিক্ষক জহির উদ্দিন (৩৫), প্রবীর চন্দ্র মজুমদার (৪০), বিরেন্দ্র কুমার দাস (৩৬), নেভী রানী দাস (৪৫), সাইফুল ইসলাম (৪০), প্রিয়লাল দাস (৫৭) ও মোহাম্মদ ফয়জুর রহমান (৪৮)। তাঁদের মধ্যে ফখরুল ইসলাম, জহির উদ্দিন ও প্রবীর চন্দ্র মজুমদারকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
স্থানীয় সূত্র জানায়, গতকাল বেলা ১১টার দিকে ৩০-৩৫ জন সন্ত্রাসী ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিতে বিদ্যালয়ে প্রবেশ করে শিক্ষকদের এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে আহত করে। এ সময় বিদ্যালয়ের শিক্ষার্থীরা দিগ্বিদিক ছোটাছুটি ও কান্নাকাটি করতে থাকে। হামলাকারীরা বিদ্যালয়ের অফিসকক্ষের আসবাব এদিক-সেদিক ফেলে দেয়। পরে তারা শিক্ষকদের দুটি মোটরসাইকেল নিয়ে যায়।
আহত শিক্ষক ফখরুল ইসলাম বলেন, দুর্নীতি ও অনিয়মের অভিযোগ ওঠায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকবর সাদেক এক বছরের বেশি সময় ধরে কর্মস্থলে অনুপস্থিত। গতকাল তিনি একদল সন্ত্রাসী নিয়ে বিদ্যালয়ে প্রবেশ করেন। এ সময় সন্ত্রাসীরা অফিসকক্ষে শিক্ষকদের ওপর হামলা চালায়।
তবে প্রধান শিক্ষক আকবর সাদেক প্রথম আলোকে বলেন, তিনি ইচ্ছা করে অনুপস্থিত ছিলেন না। তাঁকে বিদ্যালয়ে অনুপস্থিত থাকতে বাধ্য করা হয়েছে। বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতির লোকজন গত বছরের জুলাই মাসে তাঁর কাছ থেকে জোরপূর্বক পদত্যাগপত্রে স্বাক্ষর করিয়ে নেন। সে সময় তিনি অনুরোধ জানালে ২০১৬ সালের সেপ্টেম্বরে অবসরে যাওয়া পর্যন্ত চাকরি করার সুযোগ দেওয়া হয়। সে সময় সিদ্ধান্ত হয়, অবসরে যাওয়া পর্যন্ত তিনি বাড়িতে অবস্থান করে প্রধান শিক্ষক হিসেবে বেতন-ভাতা নেবেন।
আকবর সাদেক বলেন, গতকাল তিনি শিক্ষার্থীদের উপবৃত্তির তালিকা আনতে বিদ্যালয়ে গেলে শিক্ষকেরা তাঁর ওপর হামলা চালান। এ সময় আশপাশের লোকজন এগিয়ে এলে শিক্ষকদের সঙ্গে হাতাহাতি হয়। শিক্ষকদের হামলায় তিনি আহত হয়ে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি সাবেক সাংসদ মোহাম্মদ আলী বলেন, দুর্নীতি, অনিয়ম ও নারী কেলেঙ্কারির অভিযোগ ওঠার পর প্রধান শিক্ষক আকবর সাদেক বেশ কিছুদিন ধরে স্বেচ্ছায় বিদ্যালয়ে অনুপস্থিত রয়েছেন। এরপরও চাকরি শেষের দিকে হওয়ায় মানবিক কারণে ব্যবস্থাপনা কমিটি তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়নি। আর সেই ব্যক্তিই গতকাল সন্ত্রাসী নিয়ে বিদ্যালয়ে হামলা চালিয়ে আটজন শিক্ষককে আহত করেছেন।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম আরিচুল হক প্রথম আলোকে বলেন, প্রধান শিক্ষকের সঙ্গে শিক্ষকদের বিরোধ আছে। যার জের ধরে প্রধান শিক্ষকের লোকজন শিক্ষকদের ওপর হামলা চালিয়েছেন। এ ঘটনায় সন্ধ্যা পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ দেননি।