হাতিয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর হাতিয়া উপজেলার নলচিরা লঞ্চঘাটে পিল্টন চন্দ্র দাস (৩০) নামের এক ওষুধ ব্যবসায়ীকে কুপিয়েছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।

আহত পিল্টন চন্দ্র দাস জানান, তিনি চর ঈশ্বর ইউনিয়নের বাংলাবাজারে ওষুধের ব্যবসা করেন। জেলা শহর মাইজদী থেকে ওষুধ নিতে ও সুবর্ণচরের খাসেরহাট এলাকায় জমি কেনার টাকা পরিশোধ করতে বেলা ১১টার দিকে তিনি নলচিরা লঞ্চঘাটে যান। এ সময় পাঁচ-ছয়জন যুবক ধারালো অস্ত্র নিয়ে অতর্কিতে তাঁর ওপর হামলা চালান।

পিল্টন চন্দ্র দাস বলেন, হামলাকারীরা তাঁকে কুপিয়ে সঙ্গে থাকা মুঠোফোন ও দুই লাখ টাকা ছিনিয়ে নেন। এ সময় তাঁর চিৎকারে আশেপাশের লোকজন ও নলচিরা নৌ-পুলিশ ফাঁড়ির পুলিশ এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যান। পরে আশেপাশের লোকজন তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম ফারুক প্রথম আলোকে বলেন, খবর পেয়ে স্থানীয় নৌ-পুলিশ ঘটনাস্থলে গেলেও হামলাকারীদের কাউকে পায়নি। তিনি বলেন, আহত ব্যবসায়ী মামলা করলে এ ব্যাপারে আইগত পদক্ষেপ নেওয়া হবে।