হাতিয়ায় মা-মেয়েকে পেটাল বখাটেরা
উত্ত্যক্তের প্রতিবাদ করায় মা-মেয়েকে পিটিয়ে আহত করেছে বখাটেরা। গতকাল শনিবার নোয়াখালীর হাতিয়া উপজেলার সোনাদিয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে।
হাতিয়ার একটি কলেজের স্নাতক তৃতীয় বর্ষের এক ছাত্রীর মামা প্রথম আলোকে বলেন, কলেজে আসা-যাওয়ার পথে এক ব্যক্তি প্রায়ই তাঁর ভাগনিকে উত্ত্যক্ত করে। গতকাল বেলা তিনটার দিকে কলেজ থেকে ফেরার পথে বাড়ির কাছাকাছি পৌঁছালে ওই বখাটে তাঁর ভাগনির সঙ্গে অশোভন আচরণ করে। ঘটনা জানতে পেরে তাঁর বোন (৪৫) ঘটনাস্থলে এসে প্রতিবাদ জানালে বখাটে ও তার সহযোগীরা তাঁর বোন ও ভাগনিকে পিটিয়ে আহত করে। এ সময় আশপাশের লোকজন এসে তাঁদের উদ্ধার করেন। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম ফারুক প্রথম আলোকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।