হাতিয়ায় মাছের আড়তে হামলায় আহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর হাতিয়া উপজেলার বুড়িরচর ইউনিয়নের সূর্যমুখী বাজারে চাঁদা না পেয়ে একটি মাছের আড়তে (গদি) হামলার অভিযোগ উঠেছে। গত বুধবার রাত আটটার দিকে এ হামলার ঘটনা ঘটে। এতে আড়তের মালিকসহ তিনজন আহত হয়েছেন।
আহত ব্যক্তিরা হলেন সফিয়ল আলম (৪৬), তাঁর ছেলে বাহার আলম (২০) এবং আবুল কালাম (২৬)। বাহার ও কালামকে রাতেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আর সফিয়ল প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
বাহার অভিযোগ করেন, কয়েকজন সন্ত্রাসী তাঁদের আড়তে গিয়ে চাঁদা দাবি করে আসছিল। তাঁর বাবা চাঁদা দিতে অস্বীকার করায় গত বুধবার রাত আটটার দিকে সন্ত্রাসীরা হামলা চালায়। তিনি বলেন, সন্ত্রাসীরা প্রথমে তাঁর বাবাকে পিটিয়ে আহত করে। এ সময় তাঁর বাবাকে রক্ষা করতে এগিয়ে আসায় প্রতিবেশী কালামকে কুপিয়ে ও রড দিয়ে পিটিয়ে আহত করা হয়।
তবে হামলার ঘটনাটির সঙ্গে চাঁদাবাজির সম্পর্ক নেই বলে দাবি করেন হাতিয়া থানার ওসি গোলাম ফারুক। তিনি বলেন, যারা হামলা করেছে বলে অভিযোগ করা হচ্ছে, তাদের সঙ্গে লেনদেন নিয়ে বিরোধ রয়েছে বলে তথ্য পাওয়া গেছে।