নোয়াখালীর হাতিয়ায় মেঘনার ঠেংগারচর-সংলগ্ন খাল থেকে গত রোববার নৌকার মাঝি আলাউদ্দিনের (২৮) লাশ উদ্ধার করেছেন জেলেরা। নৌকার মালিকের ভাষ্যমতে, মুক্তিপণ না পেয়ে তাঁকে গুলি করে হত্যা করেছে জলদস্যুরা।
নৌকার মালিক আনোয়ার মাঝি গতকাল সোমবার মুঠোফোনে প্রথম আলোকে বলেন, গত বৃহস্পতিবার বিকেলে চর নূর ইসলামের দক্ষিণে মেঘনায় জলদস্যু কাউয়া কামাল ওরফে নানা বাহিনীর কবলে পড়ে তাঁর মাছ ধরা নৌকা। দস্যুরা ওই সময় নৌকায় থাকা ১৭ জন মাঝি-মাল্লাকে এলোপাতাড়ি মারধর করে। একপর্যায়ে দস্যুরা নৌকার মাঝি আলাউদ্দিনকে অপহরণ করে হাতিয়ার ঠেংগারচরের গভীর জঙ্গলে নিয়ে যায়। সেখান থেকে তাঁর কাছে ফোন করে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করে জলদস্যুরা। তিনি ৩০ হাজার টাকা দিতে রাজি হন। কিন্তু দাবি করা ৩ লাখ টাকা মুক্তিপণ না পেয়ে আলাউদ্দিনকে গুলি করে হত্যা করে দস্যুরা। তিনি জানান, জলদস্যুদের ধারালো অস্ত্রের আঘাতে আলাউদ্দিনের ভাই মো. আনোয়ার (২২) আহত হয়েছেন।
আনোয়ার মাঝি জানান, গত রোববার বিকেলে নদীতে মাছ ধরতে গিয়ে সুবর্ণচরের চর মজিদের অন্য জেলেরা ঠেংগারচর-সংলগ্ন একটি খালের কাদার মধ্যে আলাউদ্দিনের গুলিবিদ্ধ লাশ পড়ে থাকতে দেখেন। পরে তাঁরা লাশটি উদ্ধার করে সুবর্ণচর উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের চরমজিদ গ্রামের বাড়িতে নিয়ে আসেন। গতকাল সকালে আলাউদ্দিনের লাশ দাফন করা হয়।
আনোয়ার মাঝি বলেন, ঝামেলায় জড়ানোর ভয়ে তিনি বিষয়টি হাতিয়া থানায় জানাননি। তবে নিখোঁজের ব্যাপারে তিনি সুবর্ণচরের চরজব্বার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। কিন্তু চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন বলেন, তাঁর থানায় এ ধরনের জিডি হয়নি।
হাতিয়া থানার ওসি নূরুল হুদা বলেন, তিনি লোকমুখে ঠেংগারচরের কাছে ডাকাতি ও এক ব্যক্তির গুলিবিদ্ধ হওয়ার কথা শুনেছেন। কিন্তু ঘটনাস্থলে গিয়ে পুলিশ এর সত্যতা পায়নি। তিনি জানান, এ বিষয়ে কেউ থানায় লিখিত অভিযোগ করেননি।