হাতিয়ায় শিশু ধর্ষণের মামলায় যুবক গ্রেপ্তার
নোয়াখালীর হাতিয়া উপজেলায় সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে শনিবার রাতে মো. রুবেল (১৮) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, আজ রোববার রুবেলকে নোয়াখালীর মুখ্য বিচারিক হাকিমের আদালতে পাঠানো হয়। রুবেল জামিনের আবেদন করেন। আদালত জামিন নামঞ্জুর করে তাঁকে জেলা কারাগারে পাঠানোর আদেশ দেন।
এদিকে শিশুটিকে আজ নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ফরিদ উদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘শিশুটি ধর্ষণের শিকার হয়েছে, এটা অনেকটাই নিশ্চিত। কারণ শিশুটি গুরুতর অসুস্থ। তার অস্ত্রোপচার করা হবে।’
হাতপাতালে শিশুটির মা–বাবা আজ বিকেলে প্রথম আলোকে বলেন, গত শুক্রবার দুপুরে তাঁদের শিশু বাড়ি থেকে কয়েক শ গজ দূরে দোকান থেকে বিস্কুট কিনে আনতে যায়। ফেরার পথে রুবেল তাঁদের মেয়েকে কৌশলে নিজ বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করেন। ঘটনার সময় রুবেলের মা–বাবা কেউই বাড়িতে ছিলেন না। এ ঘটনার পর তাঁদের মেয়ে কাঁদতে কাঁদতে বাড়িতে গিয়ে ঘটনা জানায়। পরদিন শনিবার মামলা করেন তাঁরা।