
নোয়াখালীর হাতিয়ায় আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে কয়েক দফা পাল্টাপাল্টি হামলা-সংঘর্ষ, ধাওয়া ও গোলাগুলির ঘটনা ঘটেছে। গতকাল রোববার বেলা ১১টা থেকে দেড়টা পর্যন্ত উপজেলা সদরের খাসেরহাট, এমপির পোল ও সৌদিয়া বাজার এলাকায় এসব ঘটনা ঘটে। সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে ইটের আঘাতে আহত হয়েছেন পুলিশের ছয় সদস্য।
সংঘর্ষের সময় খাসেরহাট এলাকায় ২৬টি দোকানে হামলা ও ভাঙচুর চালানো হয় বলে বাজারের ব্যবসায়ীরা জানান। সেখানে তিনটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়। সংঘর্ষে গুলিবিদ্ধ আশরাফ উদ্দিনকে (৪০) হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
হামলা-সংঘর্ষের জের ধরে উপজেলা সদরে ও আশপাশের এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। নতুন করে সংঘাত এড়াতে গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন রাখা হয়েছে।
পুলিশ ও আওয়ামী লীগের দুই পক্ষের নেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, হাতিয়ায় আওয়ামী লীগের দুই পক্ষের বিরোধ দীর্ঘদিনের। গত ২২ মার্চ অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে উপজেলার সাতটি ইউনিয়নের মধ্যে চারটিতে সাবেক সাংসদ মোহাম্মদ আলীর (বর্তমান সাংসদ আয়েশা ফেরদৌসের স্বামী) অনুসারী এবং তিনটিতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ওয়ালী উল্লাহর অনুসারী প্রার্থীরা বিজয়ী হন। কয়েক দিন আগে মোহাম্মদ আলীর অনুসারী চরইশ্বর ইউনিয়নের চেয়ারম্যান আবদুল হালিম পক্ষত্যাগ করে ওয়ালী উল্লাহর পক্ষে যোগ দেন। এ উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের সভাপতির বাড়ির সামনে ওছখালী এলাকায় গতকাল দুপুরে এক সমাবেশের আয়োজন করা হয়। এ সমাবেশকে কেন্দ্র করেই পাল্টাপাল্টি সংঘর্ষের ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শীরা বলেন, গতকাল বেলা ১১টার দিকে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চরকিং ইউনিয়নের চেয়ারম্যান মো. মহিউদ্দিনের নেতৃত্বে একটি মিছিল ওছখালীর দিকে যাচ্ছিল। খাসেরহাট এলাকায় পৌঁছার পর তাঁরা মোহাম্মদ আলীর সমর্থকদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় বাজারের ২৬টি দোকানে হামলা ও ভাঙচুর করা হয়। তিনটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা বলেন, বেলা একটার দিকে ওয়ালী উল্লাহর অনুসারী সোনাদিয়া ইউনিয়নের চেয়ারম্যান নরুল ইসলাম দলবল নিয়ে ওছখালীর দিকে আসার পথে সৌদিয়া বাজার ও এমপির পোল এলাকায় মোহাম্মদ আলীর সমর্থকদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। দুই পক্ষ একে অপরকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে। এ সময় কয়েকটি গুলির শব্দও শোনা যায়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ শটগান থেকে গুলি ছোড়ে।
আওয়ামী লীগের নেতা মহিউদ্দিন দাবি করেন, ওখছালী এলাকায় গতকাল জঙ্গিবাদ ও সন্ত্রাসবিরোধী সমাবেশ ডেকেছিলেন তাঁরা। কিন্তু মোহাম্মদ আলীর লোকেরা শান্তিপূর্ণ কর্মসূচি বানচাল করতে সকাল থেকে বিভিন্ন স্থানে সমাবেশ অভিমুখী লোকজনকে বাধা দেয় এবং হামলা চালায়। এরপরও দুপুরে শান্তিপূর্ণভাবে সমাবেশ শেষ হয়। সমাবেশে চরইশ্বর ইউনিয়নের চেয়ারম্যান আবদুল হালিমও উপস্থিত ছিলেন।
অবশ্য মোহাম্মদ আলী অভিযোগ করেছেন, ওয়ালী উল্লাহ ও তাঁর ভাতিজা মহিউদ্দিন আওয়ামী লীগের নাম ভাঙিয়ে তাঁদের ক্যাডার বাহিনী দিয়ে হাতিয়ায় ত্রাসের রাজত্ব কায়েম করেছেন। জঙ্গিবাদ কিংবা সন্ত্রাসবিরোধী সমাবেশের কোনো প্রচারণা হাতিয়ায় করা হয়নি। সমাবেশের নামে তাঁরা সশস্ত্র সন্ত্রাসীদের দিয়ে উপজেলা সদরে ও আশপাশের এলাকায় মহড়া দিয়ে জনমনে ভীতি সৃষ্টির পাশাপাশি নিরীহ লোকজনের ওপর হামলা করেছেন। এ সময় দোকানপাটে হামলা, ভাঙচুর ও লুটপাট চালানো হয় বলে তিনি অভিযোগ করেন।
সংঘর্ষের বিষয়ে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম আরিচুল হক প্রথম আলোকে বলেন, আওয়ামী লীগের দুই পক্ষের পূর্ববিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে। সংঘর্ষ থামাতে গিয়ে পুলিশও হামলার শিকার হয়। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।