হাতীবান্ধায় ছাত্রলীগ কর্মীর হাতে নারী চিকিৎসক লাঞ্ছিত
লালমনিরহাটের হাতীবান্ধায় ছাত্রলীগের এক কর্মীর হাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসক লাঞ্ছিত হয়েছেন।
ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে। পরে ঘটনাস্থলে পুলিশ এসে ছাত্রলীগ কর্মী ফরহাদকে আটক করে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুরে হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে রোগী দেখছিলেন চিকিৎসক স্বপ্না রানী। এ সময় হাতীবান্ধার সিন্দুর্না ইউনিয়নের কলেজপাড়া এলাকার মন্টু মিয়ার ছেলে ও ছাত্রলীগ কর্মী ফরহাদ সেখানে ঢুকে এক রোগীকে সেবা না দেওয়ার অভিযোগ তুলে ওই চিকিৎসককে গালিগালাজ শুরু করেন। একপর্যায়ে ফরহাদ স্বপ্না রানীকে লাঞ্ছিত করলে আশপাশের কর্মচারীরা ছুটে আসেন। এরপর হাসপাতালের চতুর্থ শ্রেণির কর্মচারী আজমীর ও আক্তার ওই ছাত্রলীগ কর্মীর হাতে মারধরের শিকার হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফরহাদকে হাতেনাতে আটক করে থানায় নিয়ে যায়।