হাতীবান্ধায় নির্মম নির্যাতনের শিকার কলেজছাত্র
প্রেম করার জের ধরে লালমনিরহাটের হাতীবান্ধায় এক কলেজছাত্রকে ডেকে নিয়ে মেয়ের পরিবারের লোকজন নির্মম নিযার্তনের পর গরম আয়রন (ইস্ত্রি) দিয়ে ছ্যাঁকা দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি গত মঙ্গলবার রাতে উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের গেন্দুকুড়ি গ্রামের। নির্যাতনের শিকার রফিকুল ইসলাম (১৮) নামের ওই ছাত্র বর্তমানে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী গত মঙ্গলবার রাতেই নির্যাতনকারীদের শাস্তির দাবিতে মিছিল করে।
সরেজমিনে গতকাল বুধবার বিকেলে হাসপাতালে গিয়ে দেখা যায়, প্রচণ্ড যন্ত্রণায় কাতরাচ্ছেন রফিকুল। তাঁর দুপায়ে অসংখ্য নির্যাতনের দাগ। পিঠের পুরো অংশে দগদগে ক্ষত। এ সময় গুরুতর আহত রফিকুল বলেন, ‘বাইসাইকেলের রডতালা দিয়ে পেটানোর কারণে মাটিতে পড়ে গিয়ে জ্ঞান হারাই। জ্ঞান ফিরলে দেখি আমার পুরো পিঠ জ্বলছে। তখন জানতে পারি, জ্ঞান হারানোর পর ওদের বাড়ির ইস্ত্রি গরম করে আমার পিঠে ছ্যাঁকা দিয়েছে চয়ন আর মামা লিমন।’
এলাকাবাসী ও আহত কলেজছাত্রের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের গেন্দুকুড়ি গ্রামের আবদুস ছাত্তারের দশম শ্রেণিতে মাদ্রাসায় পড়ুয়া মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে পাশের গোতামারী ইউনিয়নের গোতামারী গ্রামের উকিল মাহমুদের ছেলে রফিকুলের। বিষয়টি জানতে পেরে মেয়ের ভাই চয়ন ক্ষিপ্ত হয়ে ওঠেন। তিনি রফিকুলকে তাঁর বোনের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ না রাখার জন্য বিভিন্ন সময় হুমকি-ধমকি দিতেন তিনি। এতে কাজ না হওয়ায় গত মঙ্গলবার রাতে চয়ন তাঁর স্ত্রীকে দিয়ে মুঠোফোনে ফোন দিয়ে রফিকুলকে বাড়ি ডেকে নেন। রফিকুল আসামাত্রই চয়ন আর তাঁর মামা লিমন তাঁকে ঘরে নিয়ে বেধড়ক পেটান। খবর পেয়ে গোতামারী ইউপি চেয়ারম্যান আবদুল জালিল গিয়ে গুরুতর আহত রফিকুলকে উদ্ধার করেন।
চেয়ারম্যান আবদুল জলিল বলেন, প্রেম করার অপরাধে একজন ছাত্রকে এভাবে নির্যাতনের ঘটনায় এলাকাবাসীও ক্ষুব্ধ। রফিকুল সুস্থ হলে এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
এদিকে মেয়েটিও বলে, রফিকুলকে ডেকে এনে অন্যায়ভাবে নির্যাতন করা হয়েছে।
আহত কলেজছাত্রের বাবা উকিল মাহমুদ বলেন, ‘আমার ছেলেকে যেভাবে লন্ড্রি মেশিন গরম করে ছ্যাঁকা দেওয়া হয়েছে তাতে সে অল্পের জন্য বেঁচে গেছে।’
হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রমজান আলীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আহত এক ছাত্র ভর্তি হওয়ার ঘটনাটি শুনেছি। আমি বাইরে। তাই এ বিষয়ে বিস্তারিত বলতে পারব না।’
হাতীবান্ধা থানার এসআই আনিছুর রহমান বলেন, ‘ঘটনাস্থলে গিয়ে প্রেমের সম্পর্কের জের ধরে কলেজছাত্রকে নির্যাতনের ঘটনাটি শুনেছি। এ ব্যাপারে থানায় মামলা হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’