হাতীবান্ধায় শিশু ধর্ষণের চেষ্টার অভিযোগে মামলা দায়ের
লালমনিরহাটের হাতীবান্ধায় পাঁচ বছরের এক মেয়েশিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে প্রদীপ চন্দ্র (২৭) নামের এক তরুণের বিরুদ্ধে গত মঙ্গলবার রাতে থানায় মামলা করা হয়েছে।
হাতীবান্ধা থানার পরিদর্শক (তদন্ত) জাকির হোসেন বলেন, ‘শিশুটির পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। রাতেই শিশুটির বাবা বাদী হয়ে প্রদীপ চন্দ্রের নামে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেছেন।
থানা-পুলিশ ও শিশুটির পরিবার সূত্র জানায়, মঙ্গলবার বেলা তিনটার দিকে শিশুটি খেলাধুলা করছিল। এ সময় উপজেলার ডাউয়াবাড়ি ইউনিয়নের পূর্ব বিছনদই গ্রামের প্রদীপ চন্দ্র শিশুটিকে পেয়ারা দেওয়া ও মুঠোফোনে ছবি তোলাসহ গান শোনানোর কথা বলে বাড়ির একটি নির্জন ঘরে ডেকে নিয়ে যায়। সেখানে শিশুটিকে ধর্ষণের চেষ্টা চালালে সে চিৎকার শুরু করে। পরে শিশুটি বিষয়টি তার মাকে জানায় এবং পরিবারের লোকজন আহত অবস্থায় তাকে হাতীবান্ধা উপজেলা স্ব্যস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) জাকির হোসেন বলেন, শিশুটির নিম্নাঙ্গে আঘাতের চিহ্ন রয়েছে। তবে ধর্ষণ কি না, তা ডাক্তারি পরীক্ষার পর বলা যাবে। তাই শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।