হাতীবান্ধায় গৃহবধূ গণধর্ষণের শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের হাতীবান্ধায় গত বৃহস্পতিবার এক গৃহবধূ (২৬) গণধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, এ ঘটনা মীমাংসার জন্য নানাভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে।
স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন ওই গৃহবধূ গতকাল শনিবার দুপুরে বলেন, বৃহস্পতিবার রাত ১১টার দিকে তিনি শৌচাগারে যাওয়ার জন্য ঘর থেকে বের হন। ওই সময় কয়েকজন তাঁকে ধরে রেললাইনের পাশে নিয়ে যায়। তাদের নির্যাতনের একপর্যায়ে তিনি অচেতন হয়ে পড়েন। পরের দিন এলাকার লোকজন তাঁকে উদ্ধার করেন।
একাধিক গ্রামবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, গত শুক্রবার সকালে তাঁরা রেললাইনের পাশে গিয়ে দেখেন, ওই গৃহবধূ বিবস্ত্র অবস্থায় সেখানে অচেতন হয়ে পড়ে আছেন। পরে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
গৃহবধূর মা বলেন, অনেকেই মীমাংসার জন্য নানাভাবে চাপ দিচ্ছে এবং ভয় দেখাচ্ছে। কিন্তু তাঁরা দোষী ব্যক্তিদের শাস্তি চান।
এ ব্যাপারে হাতীবান্ধা থানার উপপরিদর্শক (এসআই) মো. মুসা আলম বলেন, ওই গৃহবধূ গত রাতে তিনজনকে আসামি করে থানায় করেছেন।
এদিকে ওই গৃহবধূকে শুক্রবার হাসপাতালে ভর্তি করা হলেও এখনো তাঁর শারীরিক পরীক্ষা হয়নি। এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রমজান আলী বলেন, কেউ আবেদন না করায় এ বিষয়ে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার উদ্যোগ নেওয়া হয়নি। থানায় মামলা হলে স্বাভাবিকভাবেই তাঁর শারীরিক পরীক্ষা করা হবে।
ডাউয়াবাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান দেলোয়ার হোসেন বলেন, ‘বিষয়টি আমি এলাকাবাসীর মাধ্যমে শুনেছি। তাঁদের বলেছি, এর বিচার করার এখতিয়ার আমার নেই। তাই থানায় মামলা করাসহ তাঁদের প্রশাসনের আশ্রয় নেওয়ার পরামর্শ দিয়েছি।’