লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় গত শনিবার রাতে ইব্রাহীম হোসেন (১৪) নামের এক স্কুলছাত্রকে শ্বাসরোধ করে হত্যার ঘটনায় খালু নান্নু মিয়াকে (৪০) গতকাল মঙ্গলবার গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহত ইব্রাহীম হাতীবান্ধার গোতামারী ইউনিয়নের আমঝোল নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল। সে ওই ইউনিয়নের আমঝোল গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে। আর নান্নুর বাড়ি রংপুরের মিঠাপুকুর উপজেলার ফতেয়াপুর গ্রামে।
পুলিশ সূত্রে জানা গেছে, নান্নুর স্ত্রী আছিয়া বেগম সম্প্রতি স্বামীর বাড়ি ছেড়ে হাতীবান্ধায় বাবার বাড়িতে চলে আসেন। পরে তিনি স্বামীর ঘর-সংসার করবেন না জানিয়ে ঢাকায় চলে যান। এ ঘটনায় দেলোয়ারের ইন্ধন আছে বলে ক্ষুব্ধ হন নান্নু। গত শনিবার দেলোয়ারের বাড়িতে নান্নু বেড়াতে আসেন। ওই রাতেই দুর্বৃত্তরা ঘরে ঢুকে ইব্রাহীমকে শ্বাসরোধে হত্যা করার পর দাদি ধওলী বেগম (৫০) ও ইব্রাহীমের ছোট ভাই আবু বক্করকে শ্বাসরোধে হত্যার চেষ্টা চালায়। এ নিয়ে নান্নুকে প্রধান আসামি করে চারজনের নামে হাতীবান্ধা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন দেলোয়ার। পরে হাতীবান্ধার নওদাবাস গ্রামে অভিযান চালিয়ে গতকাল ভোরে নান্নুকে গ্রেপ্তার করা হয়।