হাতীবান্ধায় চালককে ছুরিকাঘাত অটোরিকশা ছিনতাই
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় অটোরিকশাচালক ইসরাফিলকে (৫০) ছুরিকাঘাত করে অটোরিকশা নিয়ে পালিয়ে গেছে দুর্বৃত্তরা। উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নের বনচৌকি গ্রামে গত মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে।
ইসরাফিল জেলার কালীগঞ্জ উপজেলার বাবুরডাঙ্গা গ্রামের বাসিন্দা।
ইসরাফিলের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, বনচৌকি গ্রামের স্লুইসগেটের সামনে থেকে মঙ্গলবার রাত নয়টার দিকে কয়েকজন দুর্বৃত্ত যাত্রী সেজে কালীগঞ্জ উপজেলায় যাওয়া কথা বলে অটোরিকশায় ওঠে। কিছুদূর যাওয়ার পর তারা ইসরাফিলের ওপর হামলা চালায়। এ সময় দুর্বৃত্তরা তাঁর গলায় ধারালো ছুরি দিয়ে আঘাত করে গুরুতর আহত অবস্থা ফেলে অটোরিকশা নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখান থেকে তাঁকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ ব্যাপারে জানতে চাইলে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রমজান আলী বলেন, ইসরাফিলের অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মতিন প্রধান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।